বিস্ময়ের নাম অ্যাপোয়েল
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে উৎসবের ঢেউ আছড়ে পড়ল সাইপ্রাসের নিকোসিয়ায়। চলল বিজয় উৎসব। কেউ কেউ গাড়িতে দেশের পতাকা লাগিয়ে ছুটল। এসব টুকরো ছবি জোড়া লাগালে মনে হবে, সাইপ্রাসের জন্য বুঝি বিশাল কোনো উৎসবের উপলক্ষ এসেছে। মনে হতে পারে, দেশটির কোনো দল জিতেছে বড় কোনো টুর্নামেন্টের শিরোপা।না, তা জেতেনি। তবে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে যাওয়াই তো অ্যাপোয়েল নিকোসিয়ার জন্য বড় কিছু জেতার সমান! এই প্রথম যে সাইপ্রাসের কোনো দল ইউরোপীয় শ্রেষ্ঠত্ব নির্ধারক এই ক্লাব প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে উঠল। যে সাইপ্রাসের বিশ্বকাপ দূরে থাক, ইউরো চ্যাম্পিয়নশিপেও খেলার সৌভাগ্য হয়নি।নামটা অনেক লম্বা এবং খটোমটো। অ্যাথলেটিকস পোদোসফেইরিকস ওমিলস এলিনন লেফকোসিয়াস। সংক্ষেপেই এ-পি-ও-ই-এল। নামের মতো লম্বা অ্যাপোয়েলের সাফল্য। সেটি শুধু ঘরোয়া ফুটবলে। ২১ বারের লিগজয়ীরা কাপ জিতেছে ১৯ বার। সুপার কাপ জিতেছে ১২ বার।কিন্তু ঘরোয়া ফুটবলের সাফল্য আর ইউরোপে লড়াই করা দুটি দুই মেরুর। এই যেমন গেঙ্ক-গালাতি-জাগরেবের মতো দলগুলো বুঝছে, চ্যাম্পিয়নস লিগ কী জিনিস। তবে অ্যাপোয়েল এবার শুরু থেকেই ছিল আত্মবিশ্বাসী। ‘জি’ গ্রুপের প্রথম দল হিসেবে শেষ ষোলোতে নাম লেখাল তারাই। ম্যাচ শেষে গৌরবে ভেসে যাওয়া কোচ ইভান ইয়োভানোভিচ তাই বললেন, ‘আমার দল হয়তো ইউরোপের দৈত্যগুলোর তুলনায় অনেক ছোট, কিন্তু আমাদের দলটির আছে বিশাল এক হূদয়।’শুধু দ্বিতীয় রাউন্ডেই তৃপ্ত নয়; দূরের বাতিঘরে চোখ তাদের। বড় স্বপ্ন দেখলে সেটি একদিন পূরণ তো হবেই। মানুষ যে তার আশার সমান বড়! এএফপি।