বিড়ম্বনায় শুরু টিকিট বিক্রি

প্রথমে সার্ভারে লগ ইন করা যাচ্ছিল না। পরে সমস্যা ধরা পড়ল প্রিন্টারেও। এই দুই সমস্যার যোগফল—টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রির প্রথম দিনে একটা টিকিটও বিক্রি করা যায়নি এনসিসি ব্যাংকের দিনাজপুর শাখা থেকে। পরে পুলিশের সাহায্য নিয়ে টিকিট কিনতে আসা লোকজনকে শান্ত করেন ব্যাংকের ব্যবস্থাপক।
দিনাজপুরের মতো একটি টিকিটও বিক্রি করতে না পারার ঘটনা হয়তো আর নেই, তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রির প্রথম দিনে হতাশ হয়ে বাড়ি ফিরতে হয়েছে অনেককেই। কোথাও সার্ভারে সমস্যা, কোথাও বা প্রক্রিয়াগত কারণে লেগেছে দীর্ঘ সময়। এর মধ্যেই ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে প্রথম দিন। প্রায় শেষ বাংলাদেশ দলের প্রথম পর্বের তিন ম্যাচের টিকিটও। আগের রাত থেকে লাইনে দাঁড়িয়েও তাই প্রত্যাশিত ম্যাচের টিকিটের টোকেন নিতে পারেননি অনেকে। প্রথম দিনে প্রতিটি বুথের প্রথম ৫০ জনের কাছে টিকিট বিক্রি করা হয়েছে। একজন ক্রেতা এক ম্যাচের জন্য সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারছেন, সব ম্যাচ মিলিয়ে সর্বোচ্চ কিনতে পারছেন ১০টি টিকিট।
সারা দেশে এনসিসি ব্যাংকের ৪৪টি ও অগ্রণী ব্যাংকের ৪৯টি বুথে টিকিট পাওয়া গেলেও টিকিট বিক্রিতে সম্পৃক্ত নন ব্যাংকের লোকজন। আইসিসির কাছ থেকে টিকিট বিক্রির দায়িত্ব পাওয়া ভারতীয় প্রতিষ্ঠান ‘বুক মাই শো’র হয়ে স্থানীয়ভাবে সেটি যাঁরা করছেন, কোনো সমস্যারই নাকি দায় নিতে রাজি নন তাঁরা। এনসিসি ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মনিরুজ্জামান কাল টেলিফোনে জানালেন, ‘আমাদের অনেক শাখা থেকেই অভিযোগ এসেছে। কোথাও সার্ভার ঠিকভাবে কাজ করছে না, কোথাও প্রিন্টার নষ্ট। এসব ব্যাপারে জানতে বুক মাই শোর এজিএম অপারেশনস জুনায়েদ শেখকে টেলিফোন করা হলেও তিনি ফোন ধরেননি। স্থানীয়রাও দায়িত্ব নিতে রাজি নন। তবে আমরা বিসিবিকে এ ব্যাপারে জানিয়েছি।’
মায়ের মৃত্যুর কারণে বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটির হোস্ট ডিরেক্টর তানভীর আহমেদের বক্তব্য পাওয়া যায়নি। আর তাঁর সহকারী আবদুল্লাহ আল মামুনের কানে নাকি এসবের কিছুই আসেনি, ‘এ রকম হওয়ার সুযোগ নেই। এ রকম কোনো অভিযোগও আমার কানে আসেনি।’