বিয়ে করতে গিয়েও এই হ্যাপা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সস্ত্রীক উমর আকমল ষ ওয়েবসাইট
সস্ত্রীক উমর আকমল ষ ওয়েবসাইট

উমর আকমল বিতর্কে জড়িয়েছেন আবারও। এবারের ঘটনা আরও গুরুতর। নিজের বিয়েতেই বিয়ের আইন ভঙ্গ করেছেন পাকিস্তানি ক্রিকেটার। শুধু তো আইন অমান্য করাই নয়, দুর্ব্যবহার করেছেন সংবাদকর্মীদের সঙ্গে, ধোঁকা দিয়েছেন পুলিশকে। আর গ্রেপ্তার এড়াতে নতুন বউকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন!
পাকিস্তানের কিংবদন্তি স্পিনার আবদুল কাদিরের মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন উমর—খবরটা পাওয়া গিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালেই। পরশু রাতে ছিল তাঁর বিয়ের মেহেদি অনুষ্ঠান। লাহোরের উপকণ্ঠে এক খামারবাড়িতে আয়োজিত ওই অনুষ্ঠানে সংবাদকর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন তাঁর পরিবার ও উমর। ভঙ্গ করেন বিয়ের আইন। পাঞ্জাব সরকারের নতুন বিবাহ আইন অনুযায়ী, রাত ১০টার পর বিয়ের অনুষ্ঠান চলতে পারবে না এবং আমন্ত্রিত অতিথিদের এক পদের বেশি খাবার পরিবেশন করা যাবে না। কিন্তু উমর ও তাঁর পরিবার কোনোটাই মানেনি। উল্টো সংবাদকর্মী ও স্থানীয় পুলিশের সঙ্গে অসদাচরণ করেন। পুলিশ যখন তাঁর দুই ভাই কামরান ও আদনান আকমলসহ অন্য আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করছিল, উমর পুলিশের চোখ ফাঁকি দিয়ে সটকে পড়েন বউ নিয়ে।
পরে গ্রেপ্তার করতে পুলিশ তাঁর বাড়িতে হামলা চালায়। কিন্তু তার আগেই বউকে নিয়ে পালিয়ে যান উমর। তবে পুলিশ খামারবাড়িটির মালিকসহ চারজনকে গ্রেপ্তার করেছে। হয়েছে মামলাও।
গত ফেব্রুয়ারিতে ট্রাফিক আইন অমান্য এবং ট্রাফিক পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করে থানাহাজতে কাটিয়েছিলেন এক রাত। পরে ক্ষমা চেয়ে মামলা থেকে রেহাই পান এবং খেলতে আসেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। তবে পুলিশের এক সূত্র জানিয়েছে, এবার উমরের কপালে দুর্গতি আছে। কারণ, টেলিভিশনে সংবাদকর্মীদের সঙ্গে অশোভন আচরণের দৃশ্য দেখে পুলিশকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন খোদ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ। ওয়েবসাইট।