বিয়েটা সেরে ফেলতে পারেন ভাজ্জি!
গীতা বাসরার সঙ্গে বিয়ের গুঞ্জনটা গুঞ্জনেই রেখে দিচ্ছেন। বিয়ে করার কি সময় পাচ্ছেন না হরভজন সিং? সময়ই যদি একমাত্র কারণ হয়, এবার বিয়েটা সেরে ফেলতে পারেন নিশ্চিন্তে। কারণ তাঁর হাতে যে এখন অবসরই অবসর। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর এবার অস্ট্রেলিয়া সফরের দলেও ঠাঁই পেলেন না এই অফ স্পিনার।ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করেই অস্ট্রেলিয়ার বিমান ধরবে ভারত। চার টেস্ট সিরিজের জন্য কাল ১৭ জনের দল ঘোষণা করেছে বিসিসিআই। তাতে হরভজনের পরিবর্তে দুই তরুণ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আর প্রজ্ঞান ওঝার ওপরই আস্থা রাখা হয়েছে। লেগ স্পিনার রাহুল শর্মার জায়গায় দলে ফিরেছেন প্রাভিন কুমার।আটজন স্পেশালিস্ট ব্যাটসম্যান, দুজন উইকেটকিপার-ব্যাটসম্যান, পাঁচজন ফাস্ট বোলার ও দুজন স্পিনার—এই হলো ভারতের দল। দলে আছেন ইংল্যান্ড সফরের শুরুতেই চোট নিয়ে ফেরা জহির খানও। তবে শেষ পর্যন্ত ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাঁকে।কাল সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ওঝা ও অশ্বিনের পারফরম্যান্সই দলে ফিরতে দিল না ‘ভাজ্জি’কে। ২২ উইকেট নিয়ে সিরিজের সেরা বোলার হয়েছেন অশ্বিন। তা ছাড়া একটা সেঞ্চুরিও আছে তাঁর। ওঝা নিয়েছেন ২০ উইকেট। দুজনেরই বোলিং-গড় ২২-এর ঘরে।দুই টেস্টে মাত্র ২ উইকেট নেওয়ার পর চোটের কারণে ইংল্যান্ড থেকে দেশে নেওয়ার হরভজন। কিন্তু এরপর রঞ্জি ট্রফিতেও ভালো করতে পারেননি। পাঞ্জাবের নেতৃত্ব দিয়ে তিন ম্যাচে ১০২ গড়ে নিয়েছেন মাত্র ২ উইকেট।যুবরাজ সিংও নেই দলে অসুস্থতার কারণে। জায়গা পাননি সুরেশ রায়নাও।ভারতীয় দল: এম এস ধোনি (অধি.), বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ, বিরাট কোহলি, ইশান্ত শর্মা, উমেশ যাদব, বরুণ অ্যারন, রোহিত শর্মা, প্রজ্ঞান ওঝা, প্রাভিন কুমার, অজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা ও জহির খান।