বিয়েটা হয়েছে আগেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাগদত্তা নিকোল জনসন ও সন্তান বুমারকে আরেকটা সোনা উপহার দিলেন মাইকেল ফেল্‌প্‌স—অলিম্পিকের সময় অনেকবারই এমনটা লিখতে হয়েছে। তবে বাগদত্তার জায়গায় তখন অনায়াসেই স্ত্রী লিখে ফেলা যেত। অলিম্পিক শুরুর আরও মাস খানেক আগেই যে বিয়েটা সেরে ফেলেছিলেন সর্বকালের অন্যতম সেরা এই অলিম্পিয়ান!
সেই কাহিনি এত দিন পর প্রকাশ্যে এসেছে। গত ১৩ জুন অ্যারিজোনার প্যারাডাইস ভ্যালিতে নিকোল জনসনকে বিয়ে করেছেন। ফেল্‌প্‌স-নিকোলের বাগদান অবশ্য হয় এই বছরের ফেব্রুয়ারিতেই। বিয়ের মতো সেটি নিয়ে ঢাক গুড়গুড় করেননি। প্রথম সন্তান বুমারের জন্ম তার মাস তিনেক পরে। এর পরের মাসেই দুজন বিয়েটা সেরে ফেলেছেন। ফেল্‌প্‌সের এজেন্ট পিটার কার্লাইল নিশ্চিত করেছেন, একেবারেই ঘরোয়াভাবে হয়েছিল বিয়েটি। গত আগস্টেই নিকোলের কাছে বিয়ের কথা জানতে চাওয়া হয়েছিল। তখন সেটি স্বীকার করেননি, তবে জানিয়েছিলেন ঘটা করে একটা অনুষ্ঠান করার পরিকল্পনা আছে তাঁদের। টুডেডটকম।