বিয়েটাই না ভেঙে যায়!
প্রতারক! আয়েশা সিদ্দিকির বাবা তাঁর বিরুদ্ধে পত্রপত্রিকায় যেসব বলেছেন সেটার সারাংশ একটাই—প্রতারণা করেছেন শোয়েব মালিক। সেসব অভিযোগ ফলাও করে ছাপা হওয়ার পর মুখ বন্ধ রাখতে পারেনি শোয়েবের পরিবার। সিদ্দিকির মামলার হুমকিতে ভয় না পেয়ে উল্টো তাঁরাই এখন আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন মালিকের ভগ্নিপতি ইমরান জাফর মালিক।ইমরান অবশ্য স্বীকার করেছেন, আয়েশার সঙ্গে শোয়েবের বাগদান হয়েছিল। কিন্তু বিয়ের আগে অন্য মেয়ের ছবি দেখানো হয়েছিল তাঁদের। বিয়ের সময় দেখা যায়, দেখানো ছবি আর মেয়ে—দুজন সম্পূর্ণ আলাদা। আর তাই ভেঙে দেওয়া হয় বিয়ে। ‘আয়েশার সঙ্গে ওর বিয়ে ভেঙে যাওয়ার মূল কারণই ছিল এই প্রতারণা’—পাকিস্তানের একটি টিভি চ্যানেলকে বলেছেন ইমরান। ২০০৮ সালেও এটা নিয়ে একবার হইচই হয়েছিল। তখন শোয়েবের পরিবার পাল্টা মামলার হুমকি দিলে চুপ মেরে যায় সিদ্দিকির পরিবার। ইমরান জানিয়েছেন, বিষয়টির একটা সুরাহা করতে দিল্লির আইনজীবীদের সঙ্গে তাঁদের কথা হয়েছে।কিন্তু এবার আর সিদ্দিকির পরিবার পিছু হটবে বলে মনে হচ্ছে না। কারণ শুধু বাগদান নয়, শোয়েব-আয়েশার যে বিয়েও হয়েছিল তারই অকাট্য প্রমাণ হাজির করেছে তারা। পাকিস্তানের শীর্ষস্থানীয় চ্যানেল জিয়ো টিভির কাছেও পৌঁছেছে কাবিননামার কপি। সেই কাবিননামায় বর হিসেবে শোয়েব মালিক আর কনে হিসেবে লেখা আছে মাহা সিদ্দিকির নাম। আয়েশা জানিয়েছেন, মাহা তাঁর আসল নাম। মালিকের স্থায়ী ঠিকানা লেখা আছে এ-ফোর, তারিক কলোনি, শিয়ালকোট। বিয়ের কাজি ছিলেন হাফিজ মোহাম্মদ খালিদ। দেনমোহর ধার্য করা হয়েছিল ৫০০ রুপি। বিয়ে সম্পন্ন হয়েছিল ২০০২ সালে। কাবিনে শোয়েব মালিকের স্বাক্ষরও আছে।হায়দরাবাদের চ্যানেল ‘দুনিয়া’কে আয়েশা বলেছেন, ‘আমাকে বিয়ের সনদ হাজির করতে হলো, কারণ শোয়েবের পরিবারের পক্ষ থেকে এই বিয়ে অস্বীকার করে যাওয়া হচ্ছে।’ তাঁর বাড়তি ওজন নিয়ে মালিক সব সময়ই নাখোশ ছিল জানিয়ে আয়েশা বলেছেন, দিল্লিতে অস্ত্রোপচার করিয়ে ওজনও কমিয়েছেন তিনি, ‘যেভাবে ও এই সম্পর্ক অস্বীকার করেই চলেছে, তাতে আমি বিধ্বস্ত। সানিয়ার বিরুদ্ধে আমার কোনো অবস্থান নেই। কিন্তু সত্য এক দিন বের হয়ে আসবেই।’সানিয়া মির্জাকে যদি বিয়ে করতেই চান, তার আগে তাঁকে জনসমক্ষে তালাক দিতে হবে বলে দাবি করেছেন আয়েশা, ‘শোয়েব যে আমার স্বামী তার প্রমাণ হিসেবে আমার কাছে সব ধরনের কাগজপত্রই আছে। দুজনের ক্যারিয়ারের স্বার্থে আমরা এত দিন আলাদা ছিলাম। এখন ও যদি আরেকটা বিয়ে করতে চায়, এর আগে আমাকে প্রকাশ্যে তালাক দিতে হবে।’সানিয়ার সঙ্গে মালিকের পরিচয় তিনিই করিয়ে দিয়েছিলেন বলেও দাবি করেছেন সৌদি আরবে একটি স্কুলে শিক্ষক হিসেবে কর্মরত আয়েশা, ‘আমি ওর সঙ্গে সানিয়ার পরিচয় করিয়ে দিই। এরপর তো শোয়েব আমার সঙ্গে সম্পর্কই ছিন্ন করার সিদ্ধান্ত নিল। পুরো ব্যাপারটাতে শোয়েবের পরিবারের যে ভূমিকা, আমি তাতেও আহত।’আহত নিশ্চয়ই আরও একজন—সোহরাব মির্জা। যাঁর সঙ্গে প্রথমে বাগদান হয়েছিল সানিয়ার। এখন তো জানা যাচ্ছে, মালিকের প্রতি সানিয়ার আগ্রহের কারণেই নাকি বিয়েটা শেষ পর্যন্ত হয়নি তাঁদের। সোহরাব অবশ্য জানিয়েছেন, এসব পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চান তিনি।গোলমেলে একটা আবহের মধ্যেই প্রস্তুতি চলছে ১৫ এপ্রিল বিয়ের অনুষ্ঠানের। এরই মধ্যে মালিকের পরিবারের সদস্যরা ভিসাও পেয়েছেন। কিন্তু আগামী কয়েক দিনের ঘটনাপ্রবাহ কোন দিকে যায়, তার ওপর নির্ভর করছে বিয়ের ভবিষ্যৎ। তবে পরিস্থিতি যা, তাতে শেষ পর্যন্ত এই বিয়েটাই না ভেঙে যায়! ওয়েবসাইট।