বিয়ের জন্য দ্বীপ ভাড়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেমিকার সঙ্গে গ্যারেথ বেল
প্রেমিকার সঙ্গে গ্যারেথ বেল

‘তুমি কি আমাকে বিয়ে করবে?’—প্রেমিকাকে এই বাক্যটা বলার আগে কত প্রেমিক কত বিচিত্র কায়দাকানুন করে, কত উদ্ভট সব কাণ্ড করে! তবে গ্যারেথ বেল যা করেছেন, সেটা চাইলেই সবাই করতে পারবেন না। প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য আস্ত একটা দ্বীপ ভাড়া করার ক্ষমতা তো সবার থাকে না!
সেই ছোটবেলা থেকেই এমা রাইস জোন্সের সঙ্গে মন দেওয়া-নেওয়া। এরপর দুজন এক ছাদের নিচে বাস করছেন, সেও অনেক দিন হয়ে গেল। দুজনের ঘর আলো করে দুটি কন্যাসন্তান এসেছে। কিন্তু বিয়ের আনুষ্ঠানিকতাটা সারা হয়নি। কিছুদিন আগে দুজন বাগদান সেরে সম্পর্কটাকে আনুষ্ঠানিক রূপ দিয়েছেন। তার আগে রাইসকে প্রস্তাব দেওয়ার জন্য অভিনব এই পরিকল্পনা করেন রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার।
পর্যটকদের তীর্থ স্পেনের ইবিজা দ্বীপের কাছেই তোগোমাগো দ্বীপ। ব্যক্তিমালিকানাধীন ১৪৮ একর আয়তনের ওই দ্বীপে সবার প্রবেশের সুযোগও নেই। প্রেমিকাকে প্রস্তাব দেওয়ার জন্য সেটিই এক সপ্তাহের জন্য ভাড়া নিয়েছেন বেল। সে জন্য ‘মাত্র’ সাড়ে চার লাখ ইউরো খরচ করতে হয়েছে বেলকে। আরও একটা উপলক্ষ ছিল, একই সঙ্গে নিজের ২৭তম জন্মদিন পালন। সূত্র: এএস।