বিয়ের প্রস্তুতি বাদ দিয়ে খেলার কোর্টে কনে!

ডিসেম্বরের ২৮ তারিখ। এ দিনই দীর্ঘদিনের প্রেমিক সাগর চোপড়ার সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ভারতের ব্যাডমিন্টন তারকা সায়লি গোখালের। আনন্দযজ্ঞ সফল করতে জোর প্রস্তুতি চলছে উভয় পরিবারে। কিন্তু আচমকা বিয়ের প্রস্তুতি থেকে সরে দাঁড়ালেন স্বয়ং পাত্রী! তবে কি বিয়ে করবেন না সায়লি!
না, ছাঁদনাতলায় যেতে আপত্তি নেই। তবে তাঁর আরেকটি প্রেম রয়েছে, সেটি ব্যাডমিন্টনের সঙ্গেই। ফলে বিয়ের চেয়ে ব্যাডমিন্টনই বড় হয়ে দাঁড়াল সায়লির কাছে।
পুনের এ ব্যাডমিন্টন-কন্যা গত বছর শ্রীনগরে বিশ্বের ১১ নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধুকে হারিয়ে জাতীয় চ্যাম্পিয়ন হন। চলতি বছর ভারতের ৭৮তম সিনিয়র জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ শুরু হয়ে গেছে। টুর্নামেন্টের সময়সূচি পড়েছে বিয়ের আগ মুহূর্তে। প্রথমে ধারণা করা হয়েছিল, এবার আর খেলবেন না সায়লি। কিন্তু না, শেষ মুহূর্তে কোর্টে হাজির হবু কনে!
ব্যাডমিন্টন যাঁর মজ্জাগত, সে কি পারে এমন গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট থেকে দূরে থাকতে? কিছুতেই হাতছাড়া করতে চাননি টুর্নামেন্টটি। তাই শেষমেশ সিদ্ধান্তটি নিয়েই ফেললেন। সবাইকে চমকে জানিয়ে দিলেন, তাঁর কাছে বিয়ের প্রস্তুতির চেয়ে খেলাই বড়! বললেন, ‘সত্যি টুর্নামেন্টটি খেলতে ও শিরোপা ধরে রাখতে চাই। গত কয়েক দিন আমার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব বিয়ের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছিল। বিয়ের প্রস্তুতিতে থাকতে পারলে আমারও ভালো লাগত। কিন্তু এখানে (জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ) খেলতে পেরে আরও বেশি খুশি!’
সায়লির এ সিদ্ধান্তকে হাসিমুখেই মেনে নিয়েছে উভয় পরিবার। এয়ার ইন্ডিয়ায় কর্মরত এ ব্যাডমিন্টন তারকা বলেন, ‘উভয় পরিবার আমাকে সহায়তা করেছে। এ কারণেই এখানে আসতে পেরেছি (টুর্নামেন্টে অংশ নিতে)। টুর্নামেন্টটি ছাড়তে মন চাইছিল না। এবার শিরোপা ধরে রাখতে চাই। এর পরই যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের পিঁড়িতে বসে যাব। বিয়ের আগে মৌজ-মাস্তি করতে তিন-চার দিন পাওয়া যাবে!’