প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ান ওপেনের ওয়াইল্ড কার্ড বাছাইপর্বের সেমিফাইনাল। আরিনা রদিওনোভার জন্য ম্যাচটা কঠিনই ছিল। প্রথম সেটটা হেরে যাওয়ার পরও জিতলেন শেষ পর্যন্ত। তবে তিন সেটের ম্যাচটা জিতে একটুও দম ফেলার অবসর পেলেন না রাশিয়ান বংশোদ্ভূত এই অস্ট্রেলিয়ান, সঙ্গে সঙ্গে ছুট দিতে হলো বাড়িতে। বিকেলেই যে বসতে হবে বিয়ের পিঁড়িতে! বর অস্ট্রেলিয়া রুলস ফুটবল খেলোয়াড় টাই ভিকারি অবশ্য গ্যালারিতে ছিলেন না। রীতি অনুযায়ী বিয়ের আগে হবু স্ত্রীকে দেখার যে নিয়ম নেই! তবে পরের দিন চাইলে গ্যালারিতে থাকতে পারবেন। না, ভড়কে যাবেন না। বিয়েটা সেরে পরদিনই আবার কোর্টে নেমে পড়তে হচ্ছে রদিওনোভাকে। ওয়াইল্ড কার্ড বাছাইপর্বের ফাইনালটা যে ছিল আজই। দুই দিনে সেমিফাইনাল-ফাইনাল, এর ফাঁকে বিয়ে। রদিওনোভার ওপর দিয়ে ঝড়ই বয়ে যাওয়ার কথা! ইএসপিএন।