বিয়েরহফের মুগ্ধ-বিস্ময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের আগে জার্মানিকে গোনায় না ধরায় এখন মুখ লুকানোর জায়গা পাচ্ছেন না? লজ্জার কিছু নেই। আপনার দলে এমন একজন আছেন, যাঁর নাম শুনলে আপনার লজ্জা উড়ে যাবে। জার্মানি এতদূর আসবে খোদ অলিভার বিয়েরহফই তো এতটা আশা করেননি! আন্তর্জাতিক ফুটবলে ‘গোল্ডেন গোল’ করা প্রথম ফুটবলার ও জার্মানি দলের ম্যানেজার বিয়েরহফ বলেছেন, এই তরুণ দলটি চমকে দিয়েছে তাঁকেও।বিশ্বকাপের আগে জার্মানিকে কেউ হিসেবের মধ্যে রাখবেই বা কীভাবে! এমনিতেই দলে দু-তিনজন ছাড়া সে রকম ‘তারকা’ কেউ নেই। সেই দু-তিনজনের একজন, অধিনায়ক মাইকেল বালাকের বিশ্বকাপ শেষ হয়ে গেল শুরুর আগেই। চোট-আঘাতে ছিটকে পড়েছেন দলের প্রথম পছন্দের গোলকিপার রেনে অ্যাডলার, ডিফেন্ডার হেইকো ওয়েস্টারমান, মিডফিল্ডার ক্রিস্টিয়ান ট্রায়েশ্চ। হাঁটুতে গুরুতর আঘাত পাওয়া ডিফেন্সিভ মিডফিল্ডার সাইমন রোলফেসের বিশ্বকাপ শেষ হয়ে গেছে তো সেই জানুয়ারিতেই। বাধ্য হয়ে কদিন আগেও জার্মানি অনূর্ধ্ব-২১ দলে খেলা কজন তরুণকে পাঠিয়ে দেওয়া হলো বিশ্বকাপে। যে দলের অধিনায়ক বিশ্বকাপে জার্মানির কনিষ্ঠতম আর খেলোয়াড়দের গড় বয়সে দলটি ১৯৩৪ বিশ্বকাপের পর কনিষ্ঠতম।অথচ এই দলটাই এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত দল। সদ্য টিনএজ পেরুনো টমাস মুলার এখন আছেন গোল্ডেন বল ও বুটের লড়াইয়ে, ২১ বছর বয়সী মেসুত ওজিলকে মনে করা হচ্ছে বিশ্ব ফুটবলের পরবর্তী মহাতারকা, গোলপোস্টে ম্যানুয়েল নিউয়ার এমন খেলছেন যে অ্যাডলারকেই এখন বেঞ্চে বসে থাকতে হবে। সামি খেদিরার খেলা দেখা বোঝা মুশকিল, বিশ্বকাপে খেলতে পারছেন বালাক ইনজুরিতে পড়েছিলেন বলেই। বছর ছয়েক ধরে দলের ম্যানেজারের দায়িত্বে থাকা বিয়েরহফও বিস্মিত দলের খেলায়, ‘এই দলটা অনেক তরুণ একটা দল, বাছাইপর্বেও একসঙ্গে এরা খুব একটা খেলেনি। দল এতদূর আসতে পারায় আমরা সত্যিই বিস্মিত এবং গর্বিত।’দলটার প্রতিভা নিয়ে অবশ্য সংশয় ছিল না জার্মানির হয়ে ৭০ ম্যাচে ৩৭ গোল করা বিয়েরহফের। ভয়টা ছিল দলের মানসিকতা নিয়ে, ‘আমরা জানতাম দলে ভালো ফুটবলার অনেক আছে। কিন্তু ইনজুরিতে বালাক, অ্যাডলার, ওয়েস্টারমান ও ট্রায়েশ্চকে হারানোর পর ভেবেছিলাম দলে নেতৃত্বের সংকট দেখা দিতে পারে। কিন্তু এরা এ সবকিছুই পেছনে ফেলে দিয়েছে, দলের মনোবল এখন তুঙ্গে। সবাই নিজেদের সেরাটা ঢেলে দিয়েছে।’২৬ বছর বয়সেই হঠাৎ দলের অধিনায়ক ও সিনিয়র খেলোয়াড়দের একজন হয়ে যাওয়া ফিলিপ লামও মুগ্ধ তাঁর দলের মানসিকতায়। লাম অবশ্য এটাও জানিয়ে দিয়েছেন, চাপের মুখে এভাবে দ্রুত মানিয়ে নেওয়াটা জার্মান ফুটবল সংস্কৃতিরই অংশ, ‘শক্ত মানসিকতা ও চাপের মুখে মানিয়ে নেওয়াটা জার্মানিতে খুব কম বয়স থেকেই শুরু হয়। এমনকি ১৩ বছর বয়সী কোনো কিশোর ফুটবলারকেও চাপের মধ্যে খেলতে হয় এবং ভিন্ন ভিন্ন পরিস্থিতির মোকাবিলা করতে হয়।’এই মানসিকতার সবচেয়ে কঠিন পরীক্ষা অবশ্য আজ কেপটাউনে। সব ম্যাচ জিতে শেষ আটে আসা আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে ওঠার লড়াই। এএফপি।