বীণা মালিকও জানতেন!
পাকিস্তানের ক্রিকেটে একটা কিছু ঘটলেই হয়েছে; চারদিক থেকে রব ওঠে, আমি আগেই জানতাম! সবাই যখন এই রব তুলছেন, বীণা মালিক আর বাদ যান কেন! মোহাম্মদ আসিফের সাবেক প্রেমিকা একটি টেলিভিশন সাক্ষাৎকারে দাবি করেছেন, আসিফের সঙ্গে বাজিকরদের যোগাযোগ আছে, এটা তিনি আগেই জানতেন।এ বছরের শুরুর দিকে বেশ হইচই ফেলে আসিফের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে পাকিস্তানি টেলিভিশন অভিনেত্রী মালিকের। মা-বাবার ইচ্ছেমতো সংসারও পেতে ফেলেছেন বীণা মালিক। এখন সালমান বাট, মোহাম্মদ আমিরদের সঙ্গে মোহাম্মদ আসিফও যখন ‘স্পট ফিক্সিং’য়ের দায়ে ফেঁসে গেছেন, বীণা তখন বলছেন, তাঁর কাছে আসিফ সম্পর্কে কিছু প্রমাণও আছে।আসিফ নাকি কী এক দীক্ষিত নামের ভারতীয় বাজিকরের সঙ্গে যোগাযোগ রাখতেন, ‘আসিফ এই ভারতীয় বাজিকর ও অন্য বাজিকরদের সঙ্গে ওর কাজের লোকজনের ফোন দিয়ে যোগাযোগ করত। এসব বাজিকরের সঙ্গে ওর কী কথাবার্তা হতো, তার কিছু প্রমাণও আছে আমার কাছে।’শুধু আসিফ নন, আরও কিছু পাকিস্তানি ক্রিকেটারের বাজিকরদের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণও নাকি বীণা মালিকের কাছে আছে। অস্ট্রেলিয়া সফরে আসিফসহ আরও কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার বাজিকরদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে তাঁর দাবি, ‘ওর এসবে জড়িত থাকার আরও অনেক প্রমাণ আছে আমার কাছে। আমি প্রমাণ করতে পারব যে ও এবং আরও কিছু ক্রিকেটার অস্ট্রেলিয়া সফরে কীভাবে স্পট ফিক্সিংয়ে জড়িয়েছিল।’মালিকের আসিফকে কাঠগড়ায় তোলার এখানেই শেষ নয়। এই সুযোগে তিনি জানিয়ে দিলেন, আইপিএলে ডোপ টেস্টে ধরা পড়ার পর বেঁচে যাওয়ার জন্য আসিফ নাকি ঘুষও দিয়েছিলেন। ওয়েবসাইট।