বীর সেই স্যামুয়েলসই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট-ক্যারিয়ার বলতে গেলে শেষই হয়ে গিয়েছিল মারলন স্যামুয়েলসের। ২০০৮ সালে ম্যাচ ফিক্সিংয়ের ঝামেলায় পড়ে নিষিদ্ধ হয়েছিলেন দুই বছরের জন্য। অন্য কোনো ক্রিকেটার হলে হয়তো চলে যেতেন নিভৃতে। কিন্তু স্যামুয়েলস তেমনটি হতে দেওয়ার পাত্র নন। তিনি লড়তে জানেন, কঠিনতম মানসিক পরীক্ষাও তাঁর কাছে কোনো ব্যাপার নয়। তাই তো নিষিদ্ধ হওয়ার চার বছরের মাথায় তিনি ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশগুলোর মানুষের কাছে জাতীয় বীর।গতকাল স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে শিরোপাজয়ের চূড়ান্ত লড়াইয়ে ভয়াবহ চাপের মুখে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ৬ ওভারে মাত্র ১৪ রানে ফিরে গিয়েছিলেন দুই ওপেনার জনসন চার্লস ও ক্রিস গেইল। প্রথম ১০ ওভারে উইন্ডিজ সংগ্রহ করতে পেরেছিল মাত্র ৩২ রান। কিন্তু এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ান মারলন স্যামুয়েলস। তাঁর খেলা ৫৬ বলে ৭৮ রানের লড়াকু ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত স্কোরবোর্ডে ১৩৭ রান যোগ করতে পারে শিরোপাজয়ীরা। পরে বল হাতেও দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন এই উইন্ডিজ অলরাউন্ডার। চার ওভার বল করে মাত্র ১৫ রানের বিনিময়ে নিয়েছেন একটি উইকেট।স্যামুয়েলস জীবনে যে চাপ সহ্য করেছেন, ক্রিকেট মাঠের চাপ তার কাছে কিছুই নয়। চার বছর আগে ক্রিকেট থেকে বহিষ্কৃত হওয়ার পর তাঁর জীবনে নেমে এসেছিল অসহনীয় কিছু মুহূর্ত। সেই সময়গুলো পার করে আসা স্যামুয়েলস তাই এখন অন্য রকম এক চরিত্র। তাঁর চরিত্রের দিকটা বেশ ভালোভাবেই ফুটে উঠছে ওয়েস্ট ইন্ডিজের খেলায়। কাল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে যে পরিস্থিতি থেকে শ্রীলঙ্কাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল ওয়েস্ট ইন্ডিজ, তা যেন স্যামুয়েলসের জীবনেরই আরেক প্রতিচ্ছবি। ম্যাচ শেষে স্যামুয়েলসও বলেছেন সেই উত্থান-পতনের কথা। তাঁর ভাষায়, ‘আমার ক্যারিয়ারে অনেক উত্থান-পতন এসেছে। অনেক খারাপ সময় আমি পার করেছি। শুধু চেয়েছি, খারাপ সময়গুলো যেন পার হয়ে যায়। মাঠের বাইরে আমি যে খারাপ সময়গুলো কাটিয়েছি, সেই তুলনায় ক্রিকেট মাঠে চাপের মুখে থাকাটা আমার কাছে কিছুই না। আমি কখনোই হাল ছেড়ে দিইনি। হার মানিনি কখনোই। আমার ভেতরের এই সত্তাটার জন্যই আমি আজও ক্রিকেট খেলে যেতে পারছি।’মারলন স্যামুয়েলসের এই বিস্ময়কর উত্থানের সঙ্গে মিল পাওয়া যাবে পুরো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটেরই। দীর্ঘদিন কোনো বড় শিরোপার স্বাদ পায়নি ক্যারিবীয়রা। একসময় ক্রিকেট-জগতে যে তাদেরই একচ্ছত্র আধিপত্য ছিল, সে কথা যেন ভুলতেই বসেছিল ক্রীড়াবিশ্ব। দীর্ঘ ৩৩ বছর পর আবার কোনো বিশ্বকাপ-শিরোপা হাতে তুলতে পেরেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। এ যেন আবার সেই হারানো গৌরবই ফিরিয়ে আনার ইঙ্গিত। স্যামুয়েলসের কণ্ঠেও ঝড়েছে সেই প্রত্যয়। তিনি বলেছেন, ‘আমরা এই শিরোপাজয়ের মুহূর্তটা বেশ ভালোমতোই উপভোগ করব। পুরো দেশই এই জয়ের আনন্দে ভাসবে। আর এখন সর্বোচ্চ চূড়াতে ওঠাই আমাদের লক্ষ্য। ভাষায় এটা প্রকাশ করা কঠিন।’ ক্রিকইনফো।