বীরদের বরণ করলো বার্লিন
বার্লিন আবার কাঁপল জার্মানির ফুটবলবীরদের দৃপ্ত পদচারণায়। আজ স্থানীয় সময় সকাল ১০টায় বিশেষ একটি বিমানে করে ব্রাজিলের রিও ডি জেনিরো থেকে বার্লিনে পৌঁছান ফিলিপ লাম-মেসুত ওজিলরা।
‘বিশ্ব চ্যাম্পিয়ন’ লেখা বিমানটি মাটিতে নামার আগে খুব নিচু দিয়ে চক্কর দেয় ব্রান্ডনবুর্গ তোরণ এলাকায় অপেক্ষমাণ কয়েক লাখ সমর্থকের ওপর দিয়ে। সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়ে জার্মানির ফুটবলভক্তরা।
বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই এই দিনটির অপেক্ষায় উন্মুখ হয়ে ছিল জার্মানির লাখ লাখ ফুটবলভক্ত। বার্লিনের ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গ তোরণের সামনেই তারা জার্মানির ম্যাচগুলো দেখেছে, আর আনন্দে মেতে উঠেছে। এক মাসের শ্বাসরুদ্ধকর লড়াই শেষে সেই ফুটবল তারকারা এই ব্রান্ডেনবুর্গ তোরণের সামনে হাজির হয়েছেন সশরীরে। সঙ্গে আছে সেই বহু কাঙ্ক্ষিত বিশ্বকাপ শিরোপাটি। প্যারিসার স্কোয়ারে ৩০০ বছরের পুরোনো ব্রান্ডেনবুর্গ তোরণের নিচে সবুজ কার্পেটে মোড়া ৩০ মিটার লম্বা বিজয় মঞ্চে লাখো মানুষের সামনে তাঁরা তুলে ধরেছেন বিশ্বকাপের শিরোপা।
১৯৯০ সালের পর বেশ কয়েকবার শিরোপা জয়ের কাছাকাছি গেলেও শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হয়েছে জার্মানিকে। কিন্তু ফুটবল-ঈশ্বর এবার আর বিমুখ করেননি জার্মানির ফুটবলভক্তদের। তাই আজ তো প্রিয় তারকাদের ভক্তি অর্ঘ দেবারই দিন। সেই লক্ষ্যে সকাল থেকেই জার্মানির নানা অঞ্চল থেকে এই ব্রান্ডেনবুর্গ তোরণের নিচে জমায়েত হয়েছেন তাঁরা, ১৯৯০ সালের পর আবারও একটি বর্ণাঢ্য বিজয় অনুষ্ঠানের সাক্ষী হতে।
চারটি তারকা সংবলিত কালো রংয়ের লম্বা ছাদ খোলা ট্রাকে করে ব্রান্ডনবুর্গ তোরণে এসেছেন জার্মানির ফুটবল বীরেরা। পথে হাজার হাজার মানুষ ফুল ছিটয়ে, পতাকা দুলিয়ে, গান গেয়ে তাঁদের অভিনন্দন জানায়। জার্মানির চারটি বিশ্বকাপ জয়ের বছর ১৯৫৪, ১৯৭৮, ১৯৯০ ও ২০১৪ লেখা ছিল বেশ বড় করে। বিজয় মঞ্চে পৌঁছে বিশ্বকাপজয়ী খেলোয়াড়েরা নেচে-গেয়ে মাতিয়ে তোলেন জার্মানির কয়েক লাখ ফুটবলপ্রেমীকে।
দুদিন আগে এখানেই এক কিলোমিটারেরও বেশি দীর্ঘ রাস্তাজুড়ে ১১টি বিশাল ঢাউস টেলিভিশন পর্দার সামনে দাঁড়িয়ে ফাইনাল ম্যাচটি দেখেছিলেন পাঁচ লাখ ফুটবলভক্ত। রোববার জার্মানি বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হলেও সোমবার কোনো জাতীয় ছুটি ঘোষিত হয়নি। তবে বিশ্বকাপ জয়ের উল্লাসে অনেকেই কাজে গেছেন দেরি করে, স্কুলগুলোতে হাজিরার সংখ্যাও ছিল অনেক কম।