বীরু-যুবিকে নিয়ে গাভাস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন আসা-যাওয়ার মধ্যে আছেন। আরেকজন সেই যে গেছেন, আর আসার পথই পাচ্ছেন না! ক্যানসারকে হারিয়ে জীবন ফিরে পাওয়ার পর কয়েকবার ভারতীয় দলে ফেরা আর বাদ পড়া হয়ে গেল যুবরাজ সিংয়ের। আর বীরেন্দর শেবাগ সেই যে জায়গা হারিয়েছেন, ফিরে পাওয়ার দাবিই জানাতে পারেননি আর। তবে দুজনের কাউকেই এখনো বাতিলের খাতায় দেখছেন না সুনীল গাভাস্কার। সাবেক ভারতীয় অধিনায়কের ধারণা, ভীষণ বিবর্ণ হয়ে গেলেও একেবারে ফুরিয়ে যাননি ‘বীরু ও যুবি।’
মুম্বাইয়ে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচে ধারাভাষ্যকক্ষে ছেলে রোহান গাভাস্কারের সঙ্গে জুটি বেঁধেছেন সুনীল। সেখানেই ভারতীয় দলের একসময়কার দুই অবিচ্ছেদ্য অংশের জন্য শুনিয়েছেন আশার বাণী, ‘ক্রিকেটে অসম্ভব বলে কিছু নেই। খুব ভালো একটি মৌসুম, অসাধারণ একটি মৌসুম কাটালেই ফেরার পথ তৈরি হয়ে যাবে।’
গাভাস্কারের মতে, জরুরি হলো ওই দুজনের ভেতরের তাগিদটা, ‘ফেরার ক্ষুধা কতটা তীব্র, সেটা প্রমাণ করতে হবে যুবরাজকেই। আমার ধারণা, সেটা ওর আছে। একটা মাত্র মৌসুমই বাজে খেলেছে। আশা করি, যুবি ফিরবে, কারণ ভারতীয় দলে একসঙ্গে অনেক কিছু নিয়ে আসে সে। এখনো দারুণ ফিল্ডার, স্পিনে গুরুত্বপূর্ণ উইকেট এনে দেয়। শেবাগও ফিরতে পারে দলে, অসম্ভব কিছুই নয়। তবে শুধু সেঞ্চুরি-টেঞ্চুরি করলেই হবে না, ডাবল সেঞ্চুরি বা সে রকম কোনো দুর্দান্ত ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে হবে।’
যুবরাজকে নিয়ে না হয় সেই বাজি ধরা যায়। তবে শেবাগের আর সেই সামর্থ্য আছে কি না, প্রশ্ন আছে যথেষ্টই। বয়সের কারণে রিফ্লেক্স হারিয়েছেন বলে ফর্মে ফেরার আশায় এবার রঞ্জি খেলছেন মিডল অর্ডারে। কিন্তু অবস্থা সেই তথৈবচ। দিল্লির হয়ে এবার ১৩ ইনিংসে মাত্র এক ফিফটিতে রান ২৩৪, গড় ১৯.৫০!
তবে উত্তরসূরিকে ভারতের সর্বকালের সেরা ওপেনারের পরামর্শ, রানে ফিরতে হলে ফিরতে হবে ওপেনিংয়ে, ‘বল যখন ভালোভাবে ব্যাটে আসে, তখনই শেবাগ বেশি স্বচ্ছন্দ। দীর্ঘ সময় ধরে শুরুতে ব্যাটিং করার পর এখন ব্যাটিংয়ে নামার জন্য ড্রেসিংরুমে অপেক্ষা করার কাজটা বেশ কঠিন। ওর জন্য তাই ভালো হবে ওপেনিংয়ে ফেরা। নতুন বল দ্রুত ব্যাটে আসবে, সে রান করতে পারবে।’ ওয়েবসাইট।