বীরের নাম ওয়াটসন
আজমল শেহজাদকে লং অন দিয়ে গ্যালারিতে পাঠালেন শেন ওয়াটসন। জিতল অস্ট্রেলিয়া। গলার সব জোর দিয়ে ধারাভাষ্যকার ইয়ান হিলি বললেন, ‘ওয়াটসন...ইউ লিজেন্ড!’সত্যি সত্যি ‘লেজেন্ড’ বা কিংবদন্তি হতে আরও অনেক পথ পাড়ি দিতে হবে ওয়াটসনকে। তবে তাঁর কালকের ইনিংসটা সন্দেহাতীতভাবেই ওয়ানডে ইতিহাসের সেরা ইনিংসের তালিকায় ঢুকে গেছে। অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডের সর্বোচ্চ স্কোর (২৯৪) অস্ট্রেলিয়া ৫ বল বাকি থাকতে ৬ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেল ওয়াটসনের অপরাজিত ১৬১ রানের ইনিংসের সুবাদে। ইনিংসের দ্বিতীয় বলে চার দিয়ে শুরু, শেষ ওভারে ছয়ে শেষ—ওয়াটসন পুরোটা সময় ছিলেন বলেই কখনো মনে হয়নি ম্যাচটা হারতে পারে অস্ট্রেলিয়া।১৯৭১ সালের জানুয়ারিতে এই মেলবোর্নে, এই দুই দলের ম্যাচ দিয়েই যাত্রা শুরু হয়েছিল ওয়ানডে ক্রিকেটের। ৪০ বছর পূর্তি উদ্যাপনের জন্য চ্যানেল নাইনের ধারাভাষ্যকারেরা সেজেছিলেন সত্তরের দশকের পোশাক ও সাজে। গ্যালারিতেও ছিল সত্তরের ছোঁয়া। কালকের ম্যাচ দিয়েই ওয়ানডেতে শুরু হলো ‘ইউডিআরএসের’ ব্যবহার। দুই দলই একবার করে রিভিউ চেয়েছে, দুটোই অসফল। ম্যাচটি অনেকের জন্য ছিল বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার ‘লাইফ লাইন।’ ২ উইকেট নেওয়ার পাশাপাশি গতির ঝড় তুলে ব্রেট লি সুযোগটা কাজে লাগিয়েছেন, নিশ্চিত নয় কতটা পারলেন স্মিথ-ডোহার্টি-বলিঞ্জার-ডেভিড হাসিরা। তবে সব ছাপিয়ে ম্যাচটা শেষ পর্যন্ত স্মরণীয় হয়ে থাকবে ওয়াটসনের ইনিংসটার জন্যই।এই ইনিংসটাও আবার খেললেন কখন? যখন ইপসউইচে তাঁর বাড়ি ভেসে যাচ্ছে স্মরণকালের ভয়াবহ বন্যায়। স্বজন, বন্ধুবান্ধব, তাঁর প্রাইমারি স্কুল, স্মৃতিবিজড়িত অনেক জায়গা বন্যায় বিধ্বস্ত। ম্যাচ শেষে নিজেই বলেছেন, ক্রিকেট নিয়ে ভাবার অবকাশ খুব বেশি পাচ্ছেন না। আগামী ম্যাচের আগে চার দিনের বিরতি, দুই দিনের ছুটিতে আজই তাই ছুটে যাচ্ছেন ইপসউইচে।স্কোরলাইন যা বলছে, উইকেট কিন্তু ব্যাটিংয়ের জন্য মোটেও ততটা সহজ ছিল না। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে বল অনেকটাই ধীরে আসছিল ব্যাটে। কিন্তু ওয়াটসনের অতিমানবীয় ব্যাটিং বুঝতে দেয়নি এসব। প্রথম উইকেটে ব্র্যাড হাডিন ও দ্বিতীয় উইকেটে অধিনায়ক মাইকেল ক্লার্কের সঙ্গে দুটি সেঞ্চুরি জুটির পর ক্যামেরন হোয়াইটের সঙ্গে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন মাত্র ৪০ বলে। মেলবোর্নে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড এটাই। ১৫০ বলের ইনিংসে ১২টি চার আর ৪টি বিশাল ছয় মেরেছেন ওয়াটসন।একসময় অবশ্য মনে হচ্ছিল, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম তিন শ ছাড়িয়ে অনেক দূরে যাবে ইংল্যান্ড। কিন্তু শেষ ১০ ওভারে তারা করতে পেরেছে মাত্র ৫৮ রান, ব্যাটিং পাওয়ার প্লেতে ২৬। ব্যাটিং পাওয়ার প্লের প্রথম ওভারে জনসনের ‘ফুটবল নৈপুণ্যে’ কেভিন পিটারসেনের আউটেই সর্বনাশ হয়েছে ইংলিশদের। একটা রান চুরি করতে চেয়েছিলেন, ছুটে গিয়ে কিক দিয়ে বল স্টাম্পে লাগান জনসন, পিটারসেন তখনো ক্রিজে পৌঁছাতে পারেননি (৭৫ বলে ৭৮)।অস্ট্রেলিয়ানদের বাজে বোলিং ও জঘন্য ফিল্ডিংয়ের সুযোগে উদ্বোধনী জুটিতেই ইংল্যান্ডকে ১২ ওভারে ৯০ রান এনে দেন অ্যান্ড্রু স্ট্রাউস ও স্টিভ ডেভিস। চারবার জীবন পেয়ে ৩৫ বলে ৪২ করেছেন ডেভিস, দুবার জীবন পেয়ে ৬৫ বলে ৬৩ স্ট্রাউস। ৩৭ রানের মাথায় একবার জীবন পান পিটারসেনও। এক হাডিনই মিস করেছেন সহজ তিনটি স্টাম্পিং। দিন শেষে তিনিও হাসতে পারছেন ওয়াটসনের সৌজন্যে। সূত্র: স্টার ক্রিকেট।