বীরের বেশে দেশে ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎসবে উৎসবে পুরোটা রাতই কেটেছে রাস্তায়। তার পরই শুরু হলো পরম কাঙ্ক্ষিত সেই মুহূর্তটির জন্য অপেক্ষার পালা, ‘কখন আসবে বিজয়ী বীরেরা।’ অবশেষে সেই ক্ষণটি এল প্রচণ্ড গরমে নয় ঘণ্টা অপেক্ষার পর। রাজধানী লুসাকার কেনেথ কাউন্ডা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করল স্বপ্নপূরণের নায়কদের বয়ে আনা বিমানটি। সঙ্গে ঐতিহাসিক জয়ের স্মারক সোনার ট্রফিটি।সংবর্ধনার জন্য যখন তাঁদের খোলা বাসে করে নিয়ে যাওয়া হলো, রাস্তার দুই পাশে উপচে পড়া ভিড়। বড় অভ্যর্থনাটা হার্ভে রেনার্ড ও ক্রিস্টোফার কাতোঙ্গোর দল পেয়েছে সংবর্ধনার স্থানে গিয়ে। জাম্বিয়ার হলুদ, সবুজ ও কালোরঙা জার্সি গায়ে চাপিয়ে অপেক্ষা করছিল দুই লাখ মানুষ! বেশির ভাগের কণ্ঠে ছিল ঐক্যের গান, কেউ বাজাচ্ছিল ভুভুজেলা! দেশকে প্রথমবার আফ্রিকান নেশনস কাপ জেতানো সৈনিকেরা যখন অভ্যর্থনাস্থলে এলেন, লাখো মানুষের উল্লাসধ্বনিতে লুসাকার খোলা ময়দানটিও যেন তখন প্রকম্পিত!দেশে ফিরে জাম্বিয়ার বিজয়ী বীরেরা বীরোচিত সংবর্ধনাই পেলেন বটে, কিন্তু প্রচণ্ড গরমকে পরাজিত করে অপেক্ষারত জনতার মন যেন ভরেনি। শুধু দুচোখ ভরে দেখা এবং হাত নেড়ে শুভেচ্ছাবিনিময়ই হয়েছে, স্বপ্ন-সারথিদের মুখের দুটো কথা তো শোনা হয়নি! কোনো কথা না বলেই ফুটবলাররা সংবর্ধনাস্থল ত্যাগ করায় সমর্থকেরা একটু হতাশও।সবার কষ্টটাই যেন ধ্বনিত হয়েছে গায়ে জার্সি, মুখে আলপনা আঁকা বারবারা জুলুর কণ্ঠে, ‘আয়োজনটা ভালো হয়নি। তারা সারাটা দিন আমাদের অপেক্ষায় রেখে কোনো কিছু না বলেই চলে গেল। এটা খুবই বাজে।’এই কষ্ট ভুলে পরক্ষণেই হয়তো আবার উৎসবে মেতে উঠেছেন জাম্বিয়ানরা। সময় যে এখন তাঁদের উদ্যাপনেরই।এর আগেও দুবার ফাইনালে খেলেছিল জাম্বিয়া—১৯৭৪ ও ১৯৯৪ সালে। অবশেষে জাম্বিয়াবাসীর স্বপ্ন পূরণ হলো ফাইনালে আইভরি কোস্টকে টাইব্রেকারে হারিয়ে। সেই গ্যাবনের মাটিতে, ১৯ বছর আগে যেখানে আটলান্টিক মহাসাগরে হারিয়ে গিয়েছিল জাম্বিয়ার পুরো ফুটবল দলই!সে সময় ভাগ্যক্রমে বেঁচে যাওয়া জাম্বিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি কালুশা বোয়ালিয়ার মতো কোচ রেনার্ড ও অধিনায়ক কাতোঙ্গোরা আগেই বলেছেন, সেই ভাইদের স্মরণেই তাঁরা জিততে চান।জাম্বিয়ার মানুষেরও বিশ্বাস, ফাইনালে তারকাখচিত আইভরি কোস্টকে হারিয়ে শিরোপা জিতিয়েছে তাদের সেই ট্র্যাজিক নায়কেরা! দলকে অনুপ্রাণিত করেছে। মাইকেল এমওয়ালেই যেমন বলেছেন, ‘আমি শুরু থেকেই জানতাম, জাম্বিয়া জিতবে। কারণ, আমাদের পূর্বপুরুষেরা গ্যাবনে শয্যাশায়িত আছে।’ ব্রেন্ডা এমওয়ালে নামের আরেকজনের কথা, ‘এত দূর আসতে ওই বিয়োগান্তক বীরেরা আমাদের সাহায্য করেছে। এখন তাদের আত্মা শান্তি পাবে।’ এএফপি।