বুকাননের নির্বাচক-তত্ত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটে নিত্যনতুন আইডিয়া নিয়ে আসায় জন বুকাননের জুড়ি মেলা ভার। বুকানন চাকরিও পেয়েছেন পরীক্ষা-নিরীক্ষার উর্বরভূমি নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) ক্রিকেট পরিচালক হিসেবে তাঁর প্রথম পদক্ষেপটি নিলেন সম্প্রতি। প্রথাগত ক্রিকেট নির্বাচক কমিটির ধারণা ভেঙে স্থায়ী নির্বাচক হিসেবে নতুন একটি পদ সৃষ্টি করেছেন এই অস্ট্রেলীয়। জাতীয় নির্বাচক ম্যানেজার নামের সে পদে আপাতত দায়িত্ব পেয়েছেন মার্ক গ্রেটব্যাচ।অনূর্ধ্ব-১৯ থেকে জাতীয় দল পর্যন্ত পুরুষ-মহিলা সব দল নির্বাচনের দায়িত্বই থাকবে তাঁর ওপর। জাতীয় দলের বেলায় অবশ্য দল নির্বাচনে জাতীয় নির্বাচক ম্যানেজারের সঙ্গে থাকবেন জাতীয় দলের কোচ। অর্থাৎ এখন গ্রেটব্যাচের সঙ্গে জাতীয় দল নির্বাচন করবেন কোচ জন রাইট। কিন্তু দুই সদস্যের এই নির্বাচক কমিটিতে সর্বৈব ক্ষমতা থাকছে রাইটেরই। কোনো সিদ্ধান্ত নিয়ে মতের অমিল দেখা দিলে ভোটাভুটির কোনো উপায় নেই, রাইটের সিদ্ধান্তই সে ক্ষেত্রে মেনে নিতে হবে গ্রেটব্যাচকে।বুকানন নতুন এই ধারণা কেন দিলেন সেটার ব্যাখ্যাও দিয়েছেন। তাঁর মতে, খণ্ডকালীন নির্বাচকদের প্রথাগত ধারণা এখন সেকেলে হয়ে গেছে, ‘আমি সব সময়ই দেখেছি, খেলাটি ভালো বোঝেন এমন লোকদের দিয়েই কাজটি করা হয় বটে, তার পরও খণ্ডকালীন লোকদের দিয়ে পূর্ণকালীন এই খেলাটিতে সম্পৃক্ত করায় কিছু সমস্যা তৈরি হয়। যেটা এ সময়ের বিবেচনায় আর যুক্তিসংগত নয়।’এ সিদ্ধান্তের ফলে দল নির্বাচনে অধিনায়কের ক্ষমতা খর্ব হচ্ছে। বুকাননও বলছেন, ‘আমি কোচ-অধিনায়কের মধ্যে খুবই ঘনিষ্ঠ সম্পর্কেই বিশ্বাস করি। কিন্তু তার পরও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রধান কোচের সিদ্ধান্তই চূড়ান্ত হওয়া উচিত। কারণ অনেক সময় অধিনায়ককেও খেলোয়াড় হিসেবে দল থেকে বাদ দেওয়ার প্রয়োজন পড়তে পারে।’ মজাটা হলো, এই নিউজিল্যান্ডেই অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি নির্বাচকও হয়ে গিয়েছিলেন। ওয়েবসাইট।