বুকাননের বলি রাইট!
জন বুকাননের ‘বলি’ হলেন আরেকজন। আসছে আগস্টে চুক্তির মেয়াদ শেষেই নিউজিল্যান্ড ক্রিকেট দলের কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন জন রাইট। ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। কিন্তু রাজি হননি রাইট। বেশ কয়েকটি কারণের একটি হলো এনজেডসির ক্রিকেট পরিচালক বুকাননের সঙ্গে মতের মিল না হওয়া। যদিও এটিকেই মনে করা হচ্ছে মূল কারণ।২০১০ সালে ডিসেম্বরে মার্ক গ্রেটব্যাচের কাছ থেকে যখন দায়িত্ব নিয়েছিলেন রাইট, নিউজিল্যান্ডের ক্রিকেটে তখন ঘোর অমানিশা। বাংলাদেশের কাছে ধবলধোলাই হওয়াসহ পারফরম্যান্সের গ্রাফ ছিল নিম্নমুখী। রাইট দায়িত্ব নেওয়ার পর ৯ টেস্টে সমান ৩টি করে জয়-হার ও ড্র। প্রায় ২৫ বছর পর টেস্ট জিতেছে অস্ট্রেলিয়ায়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও টেস্ট সিরিজ হেরেছে সম্মানজনক ব্যবধানে (১-০)। ভঙ্গুর মনোবলের দলকে নিয়ে গিয়েছিলেন বিশ্বকাপের সেমিফাইনালে। যৌক্তিকভাবেই রাইটকে ছাড়তে চায়নি এনজেডসি।রাইট অবশ্য বলেছেন, সামনে তাকাতে চান। জীবনকে নতুন করে সাজাতে চান। দলকে ২০১৫ বিশ্বকাপের জন্য উপযুক্ত কোচ খুঁজতে যথেষ্ট সময় দিতে চান। তবে আসল কারণটা বেরিয়ে এসেছে এরপরই, ‘বর্তমান ক্রিকেট পরিচালকের (বুকানন) পরিকল্পনা বাস্তবায়নের কিছু পদ্ধতি আমার কোচিংয়ের ধরন ও ঘরানার সঙ্গে যায় না। আমি ব্যাপারটাকে দেখেছি আমার দৃষ্টিকোণ থেকে, নিজের প্রতি সৎথাকা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তবে খেলার জগতে এটা হতেই পারে। নিউজিল্যান্ড দলকে কোচিং করানোটা আমি উপভোগ করেছি। আমাদের দুজনের দৃষ্টিভঙ্গি আসলে আলাদা। প্রতিপক্ষ হিসেবেই বরং আমাদের সম্পর্ক বোধহয় বেশি স্বস্তির, সাড়ে চার বছর (ভারতের কোচ রাইট, অস্ট্রেলিয়ার বুকানন) যেমন ছিলাম!’গুঞ্জন আছে, বুকাননের সর্বব্যাপী ক্ষমতার কিছুটা কমানোর দাবি করেছিলেন রাইট। বিশেষ করে দল নির্বাচন, দল পরিচালনার মতো কিছু ব্যাপারে। কিন্তু বোর্ড রাইটের দাবি না মেনে প্রাধান্য দিয়েছে বুকাননকেই। অস্ট্রেলিয়ার কোচ থাকার সময় শেন ওয়ার্নের সঙ্গে বুকাননের দ্বন্দ্ব ছিল অনেকটাই প্রকাশ্য। কলকাতা নাইট রাইডার্সের কোচ থাকার সময় যেমন ছিল সৌরভ গাঙ্গুলীর সঙ্গে। অদ্ভুত সব তত্ত্ব বের করতেও তাঁর জুড়ি মেলা ভার।দৃষ্টিভঙ্গির পার্থক্য বা মতের ভিন্নতার ব্যাপারগুলো সংবাদমাধ্যমে অবশ্য সুনির্দিষ্ট করে বলেননি রাইট। চুক্তির কারণে সেটা হয়তো বলা সম্ভবও নয়। তবে ইঙ্গিত কিছুটা দিয়েছেন, ‘এসব বলার জন্য সে-ই (বুকানন) ভালো অবস্থায় আছে। খুব বেশি মতপার্থক্য সম্ভবত নেই, স্রেফ দুজনের দেখার চোখ আলাদা।’ ওয়েবসাইট।