বুকোলাই গড়লেন ম্যাচের ভাগ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ ৩৩ মিনিট গড়িয়েছে। ডান প্রান্ত দিয়ে আক্রমণ করছিল শেখ রাসেল। বুকোলা ওলালেকান বক্সের একটু বাইরে পড়ে গেলেন। কিছু সময় মাটিতে শুয়ে। প্রতিপক্ষ শেখ জামালের এক খেলোয়াড়ের জার্সি খুলে তাঁকে বাতাস করা হলো। কিন্তু শেখ রাসেল স্ট্রাইকার সাড়া-শব্দহীন।গতবার অসুস্থ হয়ে দেশে ফিরেছিলেন। কাল তো কয়েক মুহূর্ত ওই নাইজেরিয়ানের অসাড় দেহ মাঠে। অ্যাম্বুলেন্স এল। তবে জ্ঞান ফিরে পাওয়ায় তর‌্যাক্ষণার‌্যা হাসপাতালে যেতে হয়নি। যদিও পরে বুকোলার ঠাঁই হয়েছিল হাসপাতালেই। সিটি স্ক্যান করা হয়েছে, তবে তেমন কোনো সমস্যা ধরা পড়েনি। রাতেই ফিরে গেছেন ক্লাবে।বুকোলার দুই গোলেই গ্রুপ পর্বে শেখ জামালকে হারিয়েছিল শেখ রাসেল। কিন্তু সেমিফাইনালে বুকোলা দুর্ভাগ্যের শিকার। যতক্ষণ মাঠে ছিলেন কিছুটা আতঙ্ক ছড়িয়ে জামালের রক্ষণে। তাঁর মাঠ ছাড়ার সঙ্গে সঙ্গেই যেন ম্যাচের ভাগ্যও লেখা সারা। সেই ভাগ্য হাসল শেখ জামালের দিকে তাকিয়ে। ম্যচের একেবারে শেষ দিকে পাওয়া দুই গোলে শেখ জামাল উঠে গেল ফেডারেশন কাপের ফাইনালে (২-০)। এ নিয়ে টানা দ্বিতীয়বার। একই সঙ্গে গ্রুপ পর্বে রাসেলের কাছে ২-১ গোলের হারের শোধ নেওয়ার কাজটাও সম্পন্ন।ওদিকে প্রথমবার ফেডারেশন কাপের ফাইনালে ওঠার স্বপ্ন শেষ শেখ রাসেলের। ২৪ জানুয়ারি মৌসুমসূচক টুর্নামেন্টের ফাইনালে শেখ জামালের সামনে বিজেএমসি। ফেডারেশন কাপ পাচ্ছে নতুন এক চ্যাম্পিয়নকে।কাল মাঝমাঠ নিয়ন্ত্রণে রেখে যোগ্যতর দল হিসেবেই জিতেছে শেখ জামাল। আগের ম্যাচের একক স্ট্রাইকার হিসেবে খেলা নাইজেরিয়ান ফরোয়ার্ড অ্যালেনকে এদিন খেলানো হয় মাঝমাঠে। আবাহনীর বিপক্ষে কোয়ার্টার ফাইনালের মতো এদিনও জামাল খেলেছে ৪-২-৩-১ ছকে। ওপরে কেস্তার। মাঝমাঠে খেলাটা তৈরি হয়েছে অ্যালেনের হাত ধরে। এই ২২ বছরের তরুণ পুরো দলকে দারুণভাবে খেলালেন। নিজেও করেছেন দলের দ্বিতীয় গোলটা। প্রথমার্ধে গোল পাওয়া উচিত ছিল জামালের। না পেলেও গোটা ম্যাচেই বল পজেশনে বেশ এগিয়ে জামাল। বুকোলা বিদায়ে জামালের রক্ষণের জন্য হুমকিটা কমে যায়। তাই আরও নির্ভার হয়েই খেলতে পেরেছে জামাল। গোটা দলই ছিল উজ্জীবিত।রাসেলের অবস্থা ছিল ঠিক উল্টো। গোলরক্ষক বিপ্লবই যা একটু ভাল খেলেছেন, যদিও দুটি গোল হয়েছে তাঁর বিপক্ষে। বাকিরা নিষ্প্রভ। এক সময় দলটা ঢুকে যায় রক্ষণাত্মক খোলসে। জোরালো আক্রমণই আর গড়তে পারেনি, যেটা ছিল জামালের জন্য বড় সুবিধা। জামাল গোলরক্ষক আমিনুলকে সে অর্থে কোনো পরীক্ষাই দিতে হয়নি। ৮৭ মিনিটে গোল এল ম্যাচে। অ্যালেনের শট জালে ঢোকার সময় হাত দিয়ে বল আটকান রাসেল ডিফেন্ডার প্রদীপ। অনিবার্য লাল কার্ড প্রদর্শিত হয়েছে প্রদীপের উদ্দেশে। এবং প্রাপ্ত পেনাল্টি থেকে স্ট্রাইকার কেস্তারের গোল। এক মিনিট পরই অ্যালেনের টোকায় ২-০। শেখ রাসেল কোচ মারুফুল হক পরাজয়ে দেখছেন একটাই কারণ, ‘বুকোলার বিদায়েই ম্যাচটা আমাদের হাতছাড়া।’ শেখ জামাল কোচ সাইফুল বারীও তা মানলেন, ‘বুকোলাকে হারানো রাসেলের জন্য দুর্ভাগ্য। ওর বিদায়ে আমরা আক্রমণ বাড়াতে পেরেছি।’ বুকোলা না থেকেও ছিলেন প্রবলভাবে!শেখ জামাল: আমিনুল, ইউসুফ, মিশু, রায়হান, কোমল, শরিফ (সোহেল) রাজু, ইউসেফ, কেস্তার, ফেমী (সবুজ) অ্যালেনশেখ রাসেল: বিপ্লব, আমিনুল, প্রদীপ, আব্বাস ইনুসা, ইয়ামিন, মানিক, ভিতুস, ইউসুফ, আনোয়ার, আর্নেস্ট, বুকোলা (জাহেদ)