বুকোলাকে ফিরে পেয়ে উজ্জীবিত মুক্তিযোদ্ধা
সন্ধ্যা নেমেছে। তবু প্রায় অন্ধকারেই চলছে মুক্তিযোদ্ধার অনুশীলন। বৃষ্টির কারণে রহমতগঞ্জ-ফরাশগঞ্জ ম্যাচ গতকাল না হওয়ায় আজকের আবাহনী-মুক্তিযোদ্ধা ম্যাচ পিছিয়ে গেছে এক দিন। দুই গঞ্জের ম্যাচটি আজ হচ্ছে। আজকের পরিবর্তে আবাহনী-মুক্তিযোদ্ধা ম্যাচ আগামীকাল হবে জানার পর আর্মি স্টেডিয়াম চত্বরে মুক্তিযোদ্ধার অনুশীলন চলল অতিরিক্ত আরও এক ঘণ্টা। ম্যাচ হলে হালকা অনুশীলনেই শেষ করতেন কোচ।আবাহনী-মুক্তিযোদ্ধা ম্যাচই এবারের বাংলাদেশ লিগের গতিপথ অনেকটা ঠিক করে দেবে। মুক্তিযোদ্ধা জিতলে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা তাদেরই সবচেয়ে বেশি। ঠিক এই ম্যাচেই মুক্তিযোদ্ধা পাচ্ছে তাদের নাইজেরিয়ান ফরোয়ার্ড বুকোলা ওলালেকানকে। অসুস্থ হয়ে দেশে ফিরে যাওয়ার ১৫ দিনের মধ্যে সতীর্থদের অবাক করে বুকোলা পরশু ঢাকায় ফিরেছেন। গোলরক্ষক বিপ্লবের তো বিশ্বাসই হচ্ছে না, ‘ও চলে যাওয়ার সময় ভয়ই পেয়েছিলাম। লাংস-কিডনিতে সমস্যা...অবস্থা খুবই খারাপ ছিল। ভাবতেই পারিনি ও এত তাড়াতাড়ি ফিরে আসবে। আর এমনভাবে ফিরে এসেছে, মনে হচ্ছে ২০০৮ সালে প্রথম মোহামেডানে আসা সেই বুকোলা। অবিশ্বাস্য লাগছে, এই কদিনে নিজেকে ফিট করে ফেলেছে ও। পুরো দল ওকে পেয়ে উজ্জীবিত হয়ে উঠেছে।’বুকোলা ফিরে এসেছেন—এটা জানাজানি হোক চাননি মুক্তিযোদ্ধার অনেক খেলোয়াড়ই। রসিকতার সুরে বললেও স্ট্রাইকার কাঞ্চন তাঁর মনের কথাটাই যেন বলেছেন, ‘আমরা চেয়েছিলাম ওকে লুকিয়ে রাখতে। আবাহনীর বিপক্ষে একটা চমক দিতাম। তা তো আর হলো না। তবে বুকোলাকে পেয়ে আমরা মানসিকভাবে অনেক বেশি শক্তি পাচ্ছি।’