বুকোলাদের অভিযোগ এবং পেশাদার ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৩ সাল থেকে আবাহনী ক্লাবে খেলছেন। কখনো বেতন নিয়ে সমস্যা হয়েছে? প্রশ্নটা সম্ভবত আশাই করেননি আউডু ইব্রাহিম। সেজন্যই কি না শুরুতেই জিজ্ঞেস করলেন, ‘হোয়াট ডু ইউ মিন?’ এর পর অবশ্য প্রশ্ন বোঝার পর উচ্ছ্বসিত হয়ে উঠলেন, ‘আবাহনীতে ৬-৭ বছর ধরে খেলছি। কখনোই বেতন নিয়ে সমস্যা হয়নি। টাকা-পয়সা সময়মতো পেয়েছি। আমি খুবই খুশি।’ইব্রাহিমকে অন্য দলের বিদেশিরা ঈর্ষা করতে পারেন। সবচেয়ে বেশি ঈর্ষা হতে পারে বুকোলা ওলালেকান, এমেকা ক্রিস্টিয়ানোদের। মোহামেডানের এই দুই নাইজেরিয়ান চার মাস বেতন না পাওয়ার অভিযোগ তুলে পরশু ম্যাচ বর্জন করেছেন। মোহামেডানে তাঁদের স্বদেশি ড্যামি ইমানুয়েল বলেছেন, ‘আমি বেতন পাচ্ছি না পাঁচ মাস!’এই খেলোয়াড়দের দাবি সত্য হলে এটা দেশের পেশাদার ফুটবলে অপেশাদারি চর্চার একটা বড় প্রমাণ হয়ে থাকবে। একটা পেশাদার ফুটবল-কাঠামোয় বিদেশি ফুটবলার ৪-৫ মাস বেতন পাবেন না, এটা কি হয়! কিন্তু এ দেশে হচ্ছে। কেন হচ্ছে, তা নিয়ে কথা বলতে গেলে দু একটি বাদে অন্য ক্লাবগুলো আর্থিক সংকটের কথা বলছে।‘আর্থিক সংকট’ একটা কারণ বটে। তবে এটিকে বড় করে দেখেন না সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম, ‘আর্থিক সংকট থাকতে পারে। কিন্তু সংকট থাকলে খেলোয়াড় নেওয়াই উচিত নয়। ক্লাবগুলোর অপেশাদারি আর সারা বছরের পরিকল্পনাহীনতারই কুফল আসলে এটা।’আসলেই তাই। ক্লাবগুলো শুরুতে টাকা জোগাড় করে একটা দল গঠন করে। এর পর ‘ওপরওয়ালা চালিয়ে নেবে’ ধরে নিয়ে অনিশ্চিত গন্তব্যে যাত্রা। সব ক্লাব নয়, আবাহনী ম্যানেজার সত্যজিত্ দাস যেমন বললেন, ‘আমাদের টিম ব্যবস্থাপনা এমন যে, কখনো টাকার সমস্যায় পড়িনি।’ শেখ রাসেল অনেক বিদেশি আনছে, তবে কখনো তাদের বিরুদ্ধেও অভিযোগ ওঠেনি। ক্লাবের সভাপতি নুরুল আলম চৌধুরীর কথা, ‘বেতনটা আমরা সব সময়ই সময়মতো দিই।’জাতীয় দলের সাবেক অধিনায়ক জুয়েল রানা চান সব ক্লাবই যেন সময়মতো খেলোয়াড়দের পাওনা পরিশোধ করে, ‘পেশাদার ক্লাবকে বিদেশি খেলোয়াড় আনার আগে টাকার সংস্থান অবশ্যই করে রাখতে হবে। একটা সময় টাকা জোগাড় হয় না। যে কারণে বেতন বাকি পড়ে, খেলোয়াড়েরাও সেজন্য মন দিয়ে খেলে না।’বুকোলা পরশু বলেছেন, টাকা পাননি বলেই মন দিয়ে খেলতে পারছেন না তাঁরা। যদিও তাঁরা চাইলে বাফুফের কাছে অভিযোগ করতে পারেন। বাফুফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি আছে খেলোয়াড়দের সমস্যা দেখার জন্য। তবে সমস্যার মাত্রা যতটা, স্ট্যাটাস কমিটির কাছে অভিযোগ ততটা আসে না। এবারের বাংলাদেশ লিগে এখন পর্যন্ত বিদেশি খেলোয়াড়দের কাছ থেকে দুটি অভিযোগ পেয়েছে কমিটি। গত দুটি লিগে এমন অভিযোগ দুই-তিনটির বেশি ছিল না।চট্টগ্রাম মোহামেডানের দুই লাইবেরিয়ান খেলোয়াড় অ্যান্থনি দো ও প্যাট্রিক ডেভিস ৩-৪ মাস আগে অভিযোগ করেছেন, ক্লাব তাঁদের টাকা পরিশোধ করছে না। অ্যান্থনির দাবি তিন হাজার ডলার, প্যাট্রিকের তিন হাজার ৭৫০ ডলার। জানা গেছে, দেরিতে হলেও দুই পক্ষকে সপ্তাহখানেকের মধ্যে ডাকবে কমিটি।ঢাকা মোহামেডানের বিরুদ্ধে নাইজেরিয়ান গোলরক্ষক জেমস পলের অভিযোগ, তিনি তিন হাজার ডলার পাবেন মোহামেডানের কাছে। কমিটি অভিযোগ পেয়ে মোহামেডানকে ডেকেছিল। মোহামেডান কমিটিকে বলেছে, নিজেদের মধ্যে সমঝোতা করে নেবে। জানা গেছে, পলের সঙ্গে পরে আপসরফা করে নিয়েছে মোহামেডান।কিন্তু বিষয়টা তো আপসরফা করার নয়! চুক্তি অনুযায়ী খেলোয়াড় খেলবেন, সময়মতো টাকা পাবেন—এটাই তো নিয়ম। এ দেশে সেটা ঠিকভাবে অনুসৃত হচ্ছে না। ক্লাব ঠিকমতো টাকা দিতে না পারায় নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ‘খেপ’ খেলতে চলে যায় বিদেশিরা, যা শাস্তিযোগ্য অপরাধ হলেও ক্লাবকে নীরবে সহ্য করতে হয়।এ জায়গাটায় ক্লাব অসহায় হয়ে পড়েছে, বলছেন ব্রাদার্স ম্যানেজার আমের খান, ‘সময়মতো টাকা দিতে পারলে ওদের লাগাম টেনে ধরা যায়। কিন্তু ব্রাদার্সের কথাই যদি বলি, আমাদের এক-দেড় মাসের বেতন বাকি আছে। টাকাটা দেওয়া যাচ্ছে না, কী করা, ওরা খেপ খেলতে গেল...আমরা দেখেও দেখলাম না। বেশির ভাগ ক্লাবই এভাবে চলছে।’বাংলাদেশে নামসর্বস্ব পেশাদার ফুটবল লিগও চলছে এভাবেই।