বুঝলেন রোনালদো
কার্লোস দুঙ্গাকে একটা চাপ থেকে মুক্তি দিলেন রোনালদো। অন্তত রোনালদোর বেলায় ‘না’ বলার কঠিন কাজটা আর করতে হচ্ছে না ব্রাজিল কোচকে। রোনালদো নিজেই বুঝতে পেরেছেন—ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার মতো অবস্থা তাঁর নেই, ‘ব্রাজিল দলে জায়গা আমার প্রাপ্য নয়।’শিরোপা-ষষ্ঠকের স্বপ্ন নিয়েই জার্মানিতে ২০০৬ বিশ্বকাপে গিয়েছিল ব্রাজিল। কিন্তু রোনালদো-রোনালদিনহোরা সেই বিশ্বকাপটা নিজেদের করে নিতে পারেননি। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল। ওই ম্যাচের পর থেকে আর ব্রাজিলের হলুদ জার্সিটা গায়ে তোলা হয়নি রোনালদোর। ২০০৬ বিশ্বকাপের পর ব্রাজিল ফুটবল ফেডারেশন জাতীয় দলের দায়িত্ব তুলে দেয় দুঙ্গার হাতে। ভেঙেচুরে দলটা নতুন করে গড়েন তিনি। আর সেই ভাঙাচোরার স্রোতেই হলুদ জার্সিটা থেকে দূরে সরে গেছেন রোনালদো-রোনালদিনহোরা। এর পর জল অনেক গড়িয়েছে। রিয়াল মাদ্রিদ ছেড়ে এসি মিলানে গেলেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা (১৫টি)। হাঁটুর ইনজুরি ‘দ্য ফেনোমেনোন’কে মাঠের বাইরে রেখেছে বছরখানেক। ফ্ল্যামেঙ্গো দিয়ে আবার ফিরেছেন ফুটবলে। ব্রাজিল দল থেকে তখন তিনি অনেক অনেক দূরে। তবে দলে ফেরার আশা তিনি ছাড়েননি। সব সময়ই বলে এসেছেন—আরেকটা বিশ্বকাপ খেলতে চাই। তবে এখন উপলদ্ধি করলেন, আর সম্ভব নয়। ‘এ মৌসুমে যে কয়টি ম্যাচ খেলেছি তাতে ব্রাজিল দলে জায়গা পাওয়ার যোগ্য আমি নই। এটাই বাস্তবতা’—বলেছেন তিনবারের ফিফা বর্ষসেরা ।রোনালদো বোঝেন, বাস্তবতা মেনে নেওয়ার মানসিকতাও তাঁর আছে। তবে সব বুঝেও ‘আরেকটা বিশ্বকাপ আর খেলা হবে না’, এটা ঠিক মেনে নিতে পারছেন না। মনের কোণে এখনো দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে খেলার স্বপ্ন লুকিয়ে আছে ব্রাজিলের হয়ে ৯৭টি ম্যাচ খেলে ৬২ গোল করা রোনালদোর। তাই তো এখনো অপেক্ষার প্রহর কাটে তাঁর—কার্লোস দুঙ্গা হয়তো একটা ফোন করবেন তাঁকে, বলবেন বিশ্বকাপে খেলতে!সবকিছু বলার পরই মনের একান্ত সেই কথাটা বললেন রোনালদো, ‘আমি এখনো কোচের ডাকের অপেক্ষায় আছি। যদি ডাক পাই সেটা গ্রহণ করার জন্য প্রস্তুতও রাখছি নিজেকে। সবকিছুর পরও তো ব্রাজিল আমার দেশ।’ এএফপি।