বুট নয়, কাপে চোখ মুলারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুশীলনটা রাগবি বলে করলেও মুলার কিন্তু কারিকুরি দেখাচ্ছেন ফুটবলেরই l এএফপি
অনুশীলনটা রাগবি বলে করলেও মুলার কিন্তু কারিকুরি দেখাচ্ছেন ফুটবলেরই l এএফপি

চার বছর আগে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে গোল্ডেন বুটটা নিজের করে নিয়েছিলেন টমাস মুলার। টুর্নামেন্টের সেরা তরুণ ফুটবলারও হয়েছিলেন। কিন্তু তাঁর দেশ ফিরেছিল হতাশা নিয়ে। সেমিফাইনালে হেরে তৃতীয়। এবারও দুর্দান্ত ফর্মে জার্মান ফরোয়ার্ড। তিন ম্যাচেই একটা হ্যাটট্রিকসহ ৪ গোল করে আছেন গোল্ডেন বুটের লড়াইয়ে।
৫ গোল করে বাকি সবার চেয়ে এগিয়ে কলম্বিয়ান ফরোয়ার্ড জেমস রদ্রিগেজ। তবে আলজেরিয়ার বিপক্ষে আজ আবার গোল করলেই তাঁকে ছুঁয়ে ফেলবেন মুলার। কে জানে পেরিয়েও যান কি না! জার্মান ফরোয়ার্ড অবশ্য ব্যক্তিগত অর্জন নয়, বেশি মনোযোগী দেশের সাফল্যের দিকে, ‘আমাদের পরিকল্পনাটা অনেক বড়। অনেক দূর যেতে চাই আমরা।’
দুর্দান্ত ফর্মে থাকা মুলারে আস্থা রাখছেন জোয়াকিম লোও। এ রকম ছন্দে থাকলে শুধু আজ আলজেরিয়া কেন, যেকোনো প্রতিপক্ষই তাঁকে সামলাতে হিমশিম খাবে বলে মনে করেন জার্মান কোচ, ‘প্রাক-টুর্নামেন্ট ক্যাম্পে ওকে দেখেই বুঝেছিলাম, যেকোনো সময়ের চেয়ে সে এবার বেশি ফিট। গ্রুপের ম্যাচগুলোতেই সেই প্রমাণ দিয়েছে। এখন তো দুর্দান্ত ছন্দে।’
পোর্তো আলেগ্রেতে আজ আলজেরিয়া-বাধা পেরিয়ে গেলে মারাকানায় শেষ আটে সম্ভাব্য প্রতিপক্ষ ফ্রান্স কিংবা নাইজেরিয়া। সেমিফাইনাল হতে পারে ব্রাজিল বা কলম্বিয়ার সঙ্গে। গত বিশ্বকাপে পুরো টুর্নামেন্ট দুর্দান্ত খেললেও নিষেধাজ্ঞার কারণে স্পেনের বিপক্ষে সেমিফাইনালে খেলতে পারেননি মুলার। সেই ম্যাচে ১-০ গোলে হেরে যায় জার্মানি। দুই বছর পর ইউরোর সেমিফাইনালে ইতালির বিপক্ষে তাঁকে একাদশেই রাখেননি লো। খেলিয়েছিলেন বদলি হিসেবে। ওই ম্যাচটাও ২-১ গোলে হেরে বিদায় নিয়েছিল জার্মানি। তবে এবার মুলার সবগুলো ম্যাচে খেলবেন এমনটাই আশা করছেন জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার, ‘এবার সেরা ছন্দে আছে মুলার। পারফর্ম করছে দারুণ। আশা করছি, এবার সে প্রতিটি ম্যাচেই খেলতে পারবে।’
বিশ্বকাপের সবচেয়ে বেশি গোলের রেকর্ডটা এত দিন ছিল ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোর। এবার সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন মুলারের সতীর্থ মিরোস্লাভ ক্লোসা। হয়তো এই বিশ্বকাপেই সেটা ভেঙেও দেবেন। তবে দুই বিশ্বকাপ মিলিয়ে এ পর্যন্ত ৯ গোল হয়ে গেছে মুলারেরও। ভবিষ্যতে তাই রেকর্ডটা তাঁরই হবে বলে মনে করা হচ্ছে। বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড অবশ্য এখনই এসব ভাবতে রাজি নন, ‘গোলের রেকর্ড এ মুহূর্তে আমাকে আকর্ষণ করছে না। আমি তো এরই মধ্যে একবার গোল্ডেন বুট জিতেছি। এবার বিশ্ব চ্যাম্পিয়ন হতে চাই।’ গোল ডটকম, এএফপি।