বুড়ো হাড়ে শেষবার
জাতীয় দলের হয়ে কারও আছে দারুণ সাফল্য, কারও আক্ষেপের পাল্লা ভারী৷ চাওয়া-পাওয়ার হিসাব মেলানোর শেষ সুযোগ এবারই৷ ব্রাজিলে চোখ রাখতে পারেন সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলতে যাওয়া এই পাঁচ ‘বুড়োর’ দিকে—

মারিও ইয়েপেস
ডিফেন্ডার, কলম্বিয়া
নব্বই দশকে ভালদেরামাদের সোনালি প্রজন্মের সঙ্গে বর্তমানে ফ্যালকাওদের সোনালি প্রজন্মের যোগসূত্র ইয়েপেস৷ ক্লাব ক্যারিয়ারের সেরা সময়ে (২০০৪-২০০৮) পিএসজির রক্ষণে আস্থার প্রতিমূর্তি হয়ে নাম পেয়েছিলেন ‘সুপার মারিও’৷ সেই ১৯৯৯ সাল থেকে সামলাচ্ছেন কলম্বিয়ার রক্ষণদুর্গ, এই ৩৮ বছর বয়সেও রক্ষণভাগের নেতা৷ অধিনায়কের আর্মব্যান্ডও থাকবে আটালান্টার ডিফেন্ডারের হাতে৷ স্রেফ বিশ্বকাপ খেলার স্বাদ পেতেই খেলে যাচ্ছেন এখনো৷ স্বপ্নের টুর্নামেন্ট খেলেই বিদায় জানাবেন ফুটবলকে৷ ব্রাজিলে প্রতিপক্ষ ফরোয়ার্ডদের সামনে হয়ে উঠতে পারেন বাধার দেয়াল৷
রাফায়েল মার্কেজ
ডিফেন্ডার, মেক্সিকো
বার্সেলোনার দিনগুলোতে ছিলেন বিশ্বের সেরা ডিফেন্ডারদের একজন৷ গত বিশ্বকাপে ছিলেন মেক্সিকোর অধিনায়ক৷ বিশ্বকাপের পর বার্সা থেকে যুক্তরাষ্ট্র ঘুরে এখন ক্লাব ফুটবল খেলছেন নিজ দেশেই৷ ক্লাব ফুটবলে এখন আর বড় নাম না হলেও দেশের রক্ষণভাগে এখনো তিনিই সবচেয়ে বড় ভরসা৷ প্রয়োজনে খেলতে পারেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও৷ চমকে দিতে পারেন দারুণ সব গোল করেও৷ ২০০৬ বিশ্বকাপে গোল করেছিলেন আর্জেন্টিনার বিপক্ষে, গত বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে৷ ৩৫ বছর বয়সী ডিফেন্ডারের দিকে এবারও তাকিয়ে মেক্সিকো৷
গিওর্গস কারাগুনিস
মিডফিল্ডার, গ্রিস
২০০৪ ইউরোতে গ্রিক রূপকথার শুরু হয়েছিল তাঁর হাত ধরেই৷ প্রথম ম্যাচে ফেবারিট পর্তুগালের বিপক্ষে করেছিলেন দূরপাল্লার এক দুর্দান্ত গোল৷ জাতীয় দলে খেলছেন অবশ্য তারও পাঁচ বছর আগে থেকে৷ এখনো কারাগুনিসকে ছাড়া ভাবা যায় না গ্রিস দল৷ গত বিশ্বকাপে ছিলেন অধিনায়ক, থাকছেন এবারও৷ দেশের হয়ে গড়েছেন সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও৷ রক্ষণনির্ভর দলে সত্যিকারের বল প্লেয়ার৷ দুর্দান্ত ড্রিবলিংয়ের জন্য অনেকেই তুলনা করেন গ্রিসের সর্বকালের সেরা ফুটবলার মিমিস ডোমাজোসের সঙ্গে৷ ৩৭ বছর বয়সী মিডফিল্ডারের স্বপ্ন এবার দেশকে প্রথমবার গ্রুপ পর্ব পার করানো৷
ফ্রাঙ্ক ল্যাম্পার্ড
মিডফিল্ডার, ইংল্যান্ড
ক্লাব ফুটবলে চেলসির হয়ে পেয়েছেন স্মরণীয় সব সাফল্য৷ তবে জাতীয় দলের হয়ে গল্পটা ইংল্যান্ড দলের মতোই৷ প্রাপ্তির চেয়ে যেখানে আক্ষেপের পাল্লা অনেক ভারী৷ গত দুটি বিশ্বকাপে গিয়েছিলেন ফর্মের চূড়ায় থেকে৷ কিন্তু সাফল্য এনে দিতে পারেননি দলকে৷ এখন বয়স ছাপ ফেলেছে পারফরম্যান্সে, ৩৫ বছর বয়সে গতি আর রিফ্লেক্স নেই আগের মতো৷ ইংল্যান্ডের একাদশেও এখন আর নিশ্চিত নাম নন৷ ব্রাজিলে সুযোগ যতটুকুই পান, দেশের হয়ে মনে রাখার মতো কিছু করার শেষ সুযোগ এবারই৷
স্যামুয়েল ইতো
স্ট্রাইকার, ক্যামেরুন
অনেকের মতেই আফ্রিকার সর্বকালের সেরা ফুটবলার৷ রেকর্ড চারবার হয়েছেন আফ্রিকার বর্ষসেরা ফুটবলার৷ ক্লাব ফুটবলে জিতেছেন সম্ভব প্রায় সব ট্রফি৷ টানা দুবার ইউরোপিয়ান ট্রেবলজয়ী একমাত্র ফুটবলার এবার যাচ্ছেন চতুর্থ বিশ্বকাপে৷ এই ৩৩ বছর বয়সেও দলের মূল অস্ত্র৷ ১৯৯৮ বিশ্বকাপে ছিলেন দলের সবচেয়ে কম বয়সী ফুটবলার (১৭ বছর ৩ মাস)৷ পরের বিশ্বকাপে দলের একমাত্র জয়ে করেছিলেন একটি গোল৷ গত বিশ্বকাপে দুই গোল, কিন্তু দল আবারও বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকে৷ ইতো দারুণ কিছু করলেই কেবল ব্রাজিল, মেক্সিকো, ক্রোয়েশিয়ার গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে উঠতে পারে ক্যামেরুন৷