বুদ্ধিপ্রতিবন্ধীদের মিলনমেলা
গ্রামীণফোনের উদ্যোগে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের সহযোগিতায় খুলনায় বুদ্ধিপ্রতিবন্ধীদের তিন দিনের পঞ্চম আঞ্চলিক প্রতিযোগিতা শেষ হয়েছে কাল।‘আলোর বন্যায় ভাসিয়ে দেব এই তো আমার অঙ্গীকার’, ‘যদি প্রশ্ন করো আমি কে? জবাব একটাই, আমি দ্বিগ্বিজয়ী বীর’—এমন বেশ কিছু ফেস্টুন দিয়ে সাজানো হয় খুলনার শিরোমণির বিকেএসপির মাঠ। বুদ্ধিপ্রতিবন্ধী শিশুরা এখানে এসে সব কষ্ট ভুলে গেছে। সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব দি ইন্টেলেকচ্যুয়াল ডিজঅ্যাবল (সুইড) পরিচালিত বাগেরহাট শাখার স্কুলশিক্ষিকা মনজিদা খানম বললেন, আগে এ ধরনের শিশুকে সবাই ঘরে লুকিয়ে রাখত। এখন পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে। খুলনার প্রতিযোগী খান সোহেল রানা জড়ানো কণ্ঠে বলল, ‘আগের বার চ্যাম্পিয়ন হইছালাম। এবারও পুরস্কার পাব। স্যাররা দৌড় শিখায়, ভালো খাইতে দেয়।’খুলনা ও বরিশাল বিভাগের প্রতিবন্ধীদের ১২টি বিশেষ স্কুল ও প্রতিষ্ঠানের ক্রীড়াবিদেরা এ প্রতিযোগিতায় অংশ নেয়। অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, ফুটবল, টেবিল টেনিস, ক্রিকেট, সাঁতার ও বুচি—সাতটি বিভাগের ২৮টি ইভেন্টে ৮৪ জনকে পদক দেওয়া হয়েছে। ২০১১ সালে বুদ্ধিপ্রতিবন্ধী শিশু ও প্রাপ্তবয়স্কদের নিয়ে বৃহত্তম ক্রীড়া অনুষ্ঠান ‘স্পেশাল অলিম্পিকস’ অনুষ্ঠিত হবে।