বুদ্ধের কাছে আশ্রয় খুঁজছেন উডস
বুদ্ধং শরণং গচ্ছামি! গৌতম বুদ্ধেরই শরণ নিচ্ছেন টাইগার উডস। পাপবিদ্ধ কলুষিত জীবনকে সাফসুতরো করতে বৌদ্ধ ধর্মাবলম্বী মায়ের দেওয়া শিক্ষাটাই এখন তাঁর জীবনের ব্রত। গত নভেম্বরের পর পরশু ফ্লোরিডায় প্রথম জনসম্মুখে হাজির হওয়া এই গলফার বলেছেন, ‘এখন আমার অনেক কাজ বাকি। সেই লক্ষ্য পূরণের জন্যই এখন আমি আমার জীবন উত্সর্গ করব। যে পথে আমার দিশারি হবে বৌদ্ধধর্ম, যার দীক্ষা আমাকে আমার মা সেই শৈশবেই দিয়েছেন। একজন বৌদ্ধ হিসেবেই আমি বেড়ে উঠেছি। গত কয়েক বছরে পথভ্রষ্ট হওয়ার আগে আমি সেই পথেই ছিলাম।’নভেম্বরে একটি ছোটখাটো গাড়ি দুর্ঘটনার খবরের সূত্র ধরে বড় ধরনের ওলটপালট হয়ে গেছে উডসের। ফাঁস হয়ে গেছে তাঁর যৌন কেলেঙ্কারি। তখন থেকেই স্বেচ্ছানির্বাসনে ছিলেন সর্বকালের অন্যতম সেরা এই গলফার। অবশেষে পরশু ফিরলেন। ফ্লোরিডায় জনা চল্লিশেক সাংবাদিক, বন্ধু, স্বজনের সামনে দাঁড়িয়ে স্বীকার করলেন ‘পাপ’। ‘সুপ্রভাত, এখানে আসার জন্য ধন্যবাদ’ দিয়ে শুরু হয়েছিল তাঁর বক্তব্য। ‘ধন্যবাদ’ দিয়ে শেষ। ১৩ মিনিটের এই বক্তব্যে উচ্চারিত ১৫৩৩টি শব্দের পরতে পরতে ঝরেছে কৃতকর্মের জন্য অনুতাপ আর ক্ষমা প্রার্থনা।‘আপনাদের প্রত্যেককে আমি শুধু এ কথাই বলতে চাই: দায়িত্বজ্ঞানহীন আর স্বার্থপর আচরণের জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমি সত্ ছিলাম না। অন্যের সঙ্গে আমার সম্পর্ক ছিল। আমি প্রতারণা করেছি। যা কোনোমতেই মেনে নেওয়া যায় না। এবং এর সবকিছুর জন্য আমিই দায়ী’—আকাশি শার্টের ওপর চাপানো কালো কোট পরনে হাজির উডসকে বড় বিমর্ষ দেখাচ্ছিল।অপরাধ স্বীকারের পর ক্যামেরার দিকে নিষ্পলক তাকিয়ে ক্ষমাও প্রার্থনা করেছেন ১৪টি মেজর জেতা উডস, ‘যা করেছি তার জন্য আমি সত্যিই অনুতপ্ত। এর প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে।’উডসের এই সংবাদ সম্মেলন ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়। মনিকা লিউনস্কির সঙ্গে সম্পর্কের স্বীকারোক্তি দিয়ে ১৯৯৮ সালে তখনকার মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সংবাদ সম্মেলনের পর এই প্রথম মিডিয়ায় এমন তোলপাড়। সংবাদ সম্মেলনের বাইরে সারি সারি দাঁড়িয়েছিল টিভি চ্যানেলগুলোর ওবি ভ্যান। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের লেনদেনও থেমে গিয়েছিল ওই সময়।উডস স্বীকার করেছেন, ৪৫ দিনের পুনর্বাসনে ছিলেন তিনি। তবে স্ত্রীর সঙ্গে সম্পর্কের কোনো অবনতি হয়নি বলেই দাবি তাঁর। ২৭ নভেম্বর রাতে এলিন তাঁকে আহত করেছিলেন বলে যে খবর, সেটি পুরোপুরি মিথ্যা বলেই মন্তব্য উডসের, ‘গল্পটা এভাবে ছড়ানোয় আমার খুব রাগ হয়েছিল। সে রাতে তো বটেই, এলিন কখনোই আমাকে আঘাত করেনি। সংসারজীবনে আমাদের মধ্যে কখনোই ঝগড়াঝাঁটি হয়নি। বরং এতসব ঘটনার পরও ও সব সময়ই আমার প্রতি সহানুভূতি দেখিয়েছে, দেখিয়েছে সহিষ্ণুতা।’সব ঘটনা পেছনে ফেলে আবারও গলফে ফিরতে চান তিনি। তবে ঠিক কবে ফিরবেন, সেটি এখনো মনস্থির করতে পারেননি, ‘একদিন গলফে ফিরতে চাই। জানি না, সেই দিনটি কবে আসবে। হতে পারে সেটা এ বছরই।’এদিকে উডসের এই স্বীকারোক্তিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে সাধারণ মানুষ ও গলফ-সংশ্লিষ্টদের মধ্যে। একটি জরিপে ৬৪ শতাংশ মনে করছে, উডসকে এবার ক্ষমা করে দেওয়া যায়। উডসের স্পনসরদের মধ্যে নাইকিসহ আরও কিছু প্রতিষ্ঠান তাঁর পাশে দাঁড়ানোর কথা জানিয়ে দিয়েছে। এএফপি, ওয়েবসাইট।