বুন্দেসলিগায় আট গোলের রোমাঞ্চ
গাঁটের টাকা খরচ করে পরশু সিগনাল ইদুনা পার্কে খেলা দেখতে গিয়েছিল যারা, তাদের পয়সা উসুল। গোল পাল্টা-গোল, এগিয়ে যাওয়া-সমতায় ফেরার নাটকই মঞ্চস্থ হয়েছে জার্মানির বুন্দেসলিগায় বরুসিয়া ডর্টমুন্ড-আর ভিএফবি স্টুটগার্টের ম্যাচে। শেষ কুড়ি মিনিটেই দুই পক্ষ মিলে দিয়েছে আধডজন গোল! শেষ পর্যন্ত রেফারির শেষের বাঁশি বাজার সময় স্কোরলাইন ৪-৪। দ্বিতীয়ার্ধেই হয়েছে সাত গোল।শীর্ষস্থানটি আরও পোক্ত করার প্রত্যাশায় নিজেদের মাঠে স্টুটগার্টের মুখোমুখি হয়েছিল ডর্টমুন্ড। ৭০ মিনিট পর্যন্ত ২-০ গোলেই এগিয়ে ছিল তারা। এর পরই কাহিনিতে ‘টুইস্ট’। ৭১, ৭৭ ও ৭৯—আট মিনিটের মধ্যে ৩ গোল করে ৩-২-এ এগিয়ে যায় স্টুটগার্ট। ৮১ মিনিটে সমতা ফিরিয়ে ৮৭ মিনিটে আবার এগিয়ে যায় স্বাগতিকেরা। যোগ করা সময়ে সমতা ফেরায় স্টুটগার্ট। স্বাগতিকদের চারটি গোল করেছেন চার খেলোয়াড়। স্টুটগার্টের পক্ষে জোড়া গোল করেছেন জুলিয়েন শিয়েবার। তারপরও ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ডর্টমুন্ড। অন্য ম্যচে আরিয়েন রোবেনের একমাত্র গোলে নুরেমবার্গকে হারিয়ে পয়েন্টের ব্যবধান ৩-এ নামিয়ে এনেছে দ্বিতীয় স্থানে থাকা বায়ার্ন মিউনিখ (৬০)। এএফপি।