বুফন তাকিয়ে শেষ আটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিয়ানলুইজি বুফন
জিয়ানলুইজি বুফন

এবারের বিশ্বকাপের সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়দের একজন তিনি। তবে একটা দিক থেকে জিয়ানলুইজি বুফন বাকি সবার চেয়ে এগিয়ে। আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাওয়া বর্তমান খেলোয়াড়দের মধ্যে চারটি বিশ্বকাপে যাওয়ার অভিজ্ঞতা আছে একমাত্র তাঁরই। পঞ্চম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ব্রাজিল। বিশ্বকাপের ইতিহাসেই যে কীর্তি আছে মাত্র দুজনের—জার্মানির লোথার ম্যাথাউস ও মেক্সিকোর আন্তোনিও কারভাহালের। অনন্য এই কীর্তির হাতছানি স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত করছে বুফনকে।
তবে ইতালি গোলরক্ষক বললেন, ব্রাজিলে ব্যক্তিগত এই অর্জনেই তিনি সন্তুষ্ট থাকবেন না। তাঁর যত ভাবনা-চিন্তা, স্বপ্ন সব দলকে নিয়ে। ইতালি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারলেই খুশি হবেন তিনি, ‘এটা আমার পঞ্চম বিশ্বকাপ? এটা দারুণ এক অর্জন। কিন্তু তার মানে এই নয় যে আমি এতেই সন্তুষ্ট থাকব। যেকোনো শীর্ষ প্রতিযোগিতাই হোক, আপনাকে সব সময়ই একটা লক্ষ্য ঠিক করে নিতে হবে, ব্যক্তিগত নয়, দলীয়৷’
দলের অধিনায়ক তিনি। আর একজন যোগ্য অধিনায়কের ভাবনাটা দলকেন্দ্রিক হবে সেটাই স্বাভাবিক। তা ইতালির লক্ষ্যটা কী? চারবারের বিশ্বকাপজয়ী ইতালির এটি পঞ্চম শিরোপা-অভিযান৷ কিন্তু বাস্তববাদী বুফন নিজের অভিজ্ঞতা নিংড়ে বুঝতে পারছেন, শক্তিমত্তার বিচারে এই ইতালির অবস্থান কোথায়। শিরোপার উচ্চাকাঙ্ক্ষা থাকলেও সেটা মনের ভেতর চেপে রেখে বুফন তাই নিজেদের প্রাথমিক লক্ষ্যকে বেঁধেছেন কোয়ার্টার ফাইনাল পর্যন্ত, ‘আমি সত্যিই নিশ্চিত করে বলতে পারছি না যে, আমরা ফাইনাল বা সেমিফাইনালে উঠব।’
আর সবার মতো বুফনও ফেবারিট মানছেন ব্রাজিল, স্পেন, জার্মানি, আর্জেন্টিনাকে, ‘দল হিসেবে আমরা পরিণত। তবে কিছু সীমাবদ্ধতা আমাদের আছে। আর এ কারণেই আমরা নির্ভরযোগ্য দল। তবে অন্য প্রতিদ্বন্দ্বীদের শ্রদ্ধা এবং স্বীকৃতি আমাদের দিতেই হবে। আপনি যখন স্পেন, আর্জেন্টিনা, ব্রাজিল এবং জার্মানির কথা বলবেন, ওরা সবাই আমাদের চেয়ে এগিয়ে এবং ফেবারিট।’ বুফন ইতালির কাতারে রাখছেন ফ্রান্স ও বেলজিয়ামকেও।
বিশ্বকাপে নিজেদের গ্রুপসঙ্গী সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও উরুগুয়েকে বুফন রাখছেন ইতালির পেছনে! ইংল্যান্ড, উরুগুয়ে, কোস্টারিকা ও ইতালির ‘ডি’ গ্রুপকে বলা হচ্ছে ‘মৃত্যুকূপ’। কিন্তু বুফন বলছেন, ‘এ মুহূর্তে ইতালি দলটি যেমন, তাতে তারা ইংল্যান্ড ও উরুগুয়ের তুলনায় বেশি দূর যাওয়ার কথা ভাবতেই পারে—অন্তত টুর্নামেন্টের শুরুতে।’
নিজের এই দাবি প্রমাণের বড় দায়টা থাকবে বুফনেরই। ইতালিয়ানদের আশা-ভরসার অনেকখানি বিশ্বের অন্যতম সেরা এই গোলরক্ষককে ঘিরে। প্রত্যাশার এই চৌহদ্দি গড়েছেন বুফন নিজেই। বয়স হলেও মাঠে তাঁকে দেখে তা বোঝার উপায় নেই। এই বয়সেও দলের অন্যতম ফিট খেলোয়াড়দের একজন। জুভেন্টাসের হয়ে লিগের ৩৮ ম্যাচের ৩৩টিই খেলেছেন৷ নিজের শেষ বিশ্বকাপটাকে স্মরণীয় করে রাখতে বুফন নিজেও হয়তো বিশেষ কিছুই করতে চাইবেন।
মুখে যা-ই বলুন, মনে যে শিরোপার স্বপ্ন সাজিয়েই ব্রাজিলে যাচ্ছেন, বুফনের পরের কথাতেই সেটা স্পষ্ট । বুফন নিজেই কালকের সংবাদ সম্মেলনে বললেন, সব সময়ই ফেবারিটরা শিরোপা জেতে না, ‘বিশ্বকাপ এমনই এক অদ্ভুত এবং সংক্ষিপ্ত যে, সেটি সব সময়ই কোনো দলকে যথাযথ সম্মান দেখায় না৷ শক্তি, সজীবতা এবং ভাগ্যই গড়ে দেয় পার্থক্য।’ আর সেটা বুফনদের চেয়ে ভালো কে জানে! ২০০৬ বিশ্বকাপে তারা এ রকম আন্ডারডগ হিসেবে শুরু করেই তো জিতেছিল বিশ্বকাপ। মনে মনে এবারও তাই সেই স্বপ্নই হয়তো দেখছেন বুফন। ওয়েবসাইট।