বুফনকে নিয়ে শঙ্কায় ইতালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুফনকে হারানোর শঙ্কায় পেয়ে বসেছে ইতালিকে। ছবি: রয়টার্স
বুফনকে হারানোর শঙ্কায় পেয়ে বসেছে ইতালিকে। ছবি: রয়টার্স

বিশ্বকাপের আসর থেকে আগেই খসে পড়েছে অনেক আলো ঝলমল তারা। রিবেরি, ফ্যালকাও, রিউসের পর এই অপয়া তালিকায় যুক্ত হওয়ার শঙ্কায় আছে আরও একটি নাম—জিয়ানলুইগি বুফন। অনুশীলনের সময় চোট পাওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটি খেলেননি ইতালির গোলবারের এই অতন্দ্র প্রহরী। সেই চোট নাকি এতটাই প্রকট যে তাঁর বিশ্বকাপ মিশনই শেষ হয়ে যেতে বসেছে।
গত এক যুগ ধরে ইতালি আর বুফন যেন সমার্থক একটি শব্দ। গোলবারে দাঁড়িয়ে তিনি যেন দলের নির্ভরতার প্রতীকও। আট বছর আগে ইতালির চতুর্থ বিশ্বকাপ জয়ে দারুণ ভূমিকা রাখা বুফন যদি এবার খেলতে না পারেন, তাহলে সেটা হবে ইতালি ও কোচ সিজারে প্রানদেল্লির জন্য বিরাট এক ধাক্কাই।
বুফন যদি সত্যিই খেলতে না পারেন, তাহলে তাঁর বিকল্প কে হবেন? দ্বিতীয় গোলরক্ষক সালভাতর সিরিগু ইংল্যান্ডের বিপক্ষে ভালোই সামলে নিয়েছেন। কিন্তু তাঁর পাঁজরেও নাকি দেখা দিয়েছে ব্যথা। তৃতীয় গোলরক্ষক ২১ বছর বয়সী মাত্তিয়া পেরিনের পারফরম্যান্সও খুব ভালো নয়। প্রানদেল্লির সমস্যাটা আসলেই ভয়াবহ!