বুফনদের সঙ্গী ইতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোটের কারণে গত শনিবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা খেলতে পারেননি দুজনের কেউই। ইতালি গোলরক্ষক-অধিনায়ক জিয়ানলুইজি বুফন ও ডিফেন্ডার মাত্তিয়া ডি শিলিও কোস্টারিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন কি না তা নিয়েও আছে সংশয়। ইতালি দলের চিকিৎসক এনরিকো কাস্তেলাচ্চি যে ইঙ্গিত দিয়েছেন, তাতে ধরেই নেওয়া যায় আগামী শুক্রবার কোস্টারিকার বিপক্ষে দুজনের কেউই খেলতে পারবেন না। এমনকি ডি শিলিওকে পুরো টুর্নামেন্টই আর পাবে না। গত শুক্রবার অনুশীলনের সময় হাঁটুতে চোট পান নিজের পঞ্চম বিশ্বকাপ খেলতে যাওয়া বুফন। কাস্তেলাচ্চি জানিয়েছেন, ‘তার অবস্থা মূল্যায়ন করা হবে। বিশেষ ধরনের চিকিৎসা চলছে। এখন দেখতে হবে আরও কিছু এক্স-রে করার প্রয়োজন কি না।’

ইতালিয়ানদের মতো চোট শঙ্কা পেয়ে বসেছে ক্যামেরুনকেও। শুক্রবার মেক্সিকোর বিপক্ষে প্রথম ম্যাচে হাঁটুতে চোট পেয়েছেন অধিনায়ক স্যামুয়েল ইতো। শনিবারের মতো গত পরশুও অনুশীলন করেননি চেলসি স্ট্রাইকার। বুধবার ক্রোয়েশিয়ার সঙ্গে তাঁর খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। অথচ ক্রোয়েশিয়ার ম্যাচটা তাদের জন্য বাঁচা-মরার। প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে ০-১ গোলে হার। দ্বিতীয় রাউন্ডের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে ক্রোয়েশিয়ার বিপক্ষে ক্যামেরুনকে জিততেই হবে। ওয়েবসাইট।