সময়ের সেরা গোলরক্ষক হিসেবে অঘোষিত শ্রেষ্ঠত্বের মুকুটটা অনেক দিন পর্যন্ত শুধু তাঁদের দুজনের মধ্যেই অদলবদল হয়েছে। ইকার ক্যাসিয়াস ও জিয়ানলুইজি বুফন—দুজনই চলে এসেছেন ক্যারিয়ারের শেষবেলায়। সংবাদ সম্মেলনে দুজনকেই এখন দুর্দান্ত রিফ্লেক্স, ম্যাচ বদলে দেওয়া সেভের পাশাপাশি কথা বলতে হয় অবসর নিয়েও। তবে এই অবসরের ভাবনায়ও একের ওপর অন্যের প্রভাব থাকছে। ক্যাসিয়াস যেমন জানিয়ে দিলেন, বুফন অবসর নেওয়ার আগে তিনি অবসর নিচ্ছেন না। সেটি বাস্তব হলে তো ফুটবলপ্রেমীরাই খুশি হবেন। জুভেন্টাসের সঙ্গে গত মাসেই নতুন চুক্তি করেছেন বুফন, যেটির মেয়াদ ২০১৮ সাল পর্যন্ত। ক্যাসিয়াসেরও সুযোগ আছে পোর্তোর সঙ্গে চুক্তিটা ২০১৮ সাল পর্যন্ত বাড়িয়ে নেওয়ার। তবে গ্লাভস তুলে রাখার পরও দুজনের ‘প্রতিদ্বন্দ্বিতা’ থামবে না। ক্যাসিয়াস বললেন, অবসরের পর ম্যাচ খেলবেন নিজের ও বুফনের বন্ধুদের মধ্যে। গোলডটকম।