বুফনের সঙ্গে ইতালির দিনও?

চার দিন পর আজ আবার মাঠে গড়াচ্ছে বিশ্বকাপ বাছাইয়ের খেলা। আজই বিশ্বকাপের টিকিট কেটে ফেলতে পারে ইতালি, জার্মানি, হল্যান্ড ও সুইজারল্যান্ড।
সবচেয়ে ভালো অবস্থানে আছে চারবারের চ্যাম্পিয়ন ইতালি। চেক প্রজাতন্ত্রের সঙ্গে নিজেদের মাঠে জিতলেই বিশ্বকাপে চলে যাবে ‘আজ্জুরিরা’। ইতালির অধিনায়ক জিয়ানলুইজি বুফন অন্যভাবেও স্মরণীয় করে রাখতে পারেন ম্যাচটা। আজ মাঠে নামলে ফ্যাবিও ক্যানাভারোর ১৩৬ ম্যাচ খেলার রেকর্ডও ছুঁয়ে ফেলবেন বুফন। বুলগেরিয়ার সঙ্গে আগের ম্যাচেও দুটি অতিমানবীয় সেভ করে ইতালিকে পয়েন্ট হারাতে দেননি। পালের্মোর গোলরক্ষক স্টেফানো সরেন্তিনো তো তাই বলেছেন, ‘ইতালিতে দুই ধরনের গোলরক্ষক আছে। এক দলে আমাদের মতো সাধারণ গোলরক্ষকেরা, আরেক দলে শুধু বুফন একা।’
জার্মানি ও হল্যান্ডও ব্রাজিলের দরজায় কড়া নাড়ছে। আজ দুর্বল ফ্যারো আইল্যান্ডের বিপক্ষে জার্মানির জয় নিয়ে খুব একটা সংশয় নেই। কিন্তু সুইডেন কাজাখস্তানকে হারাতে না পারলেই শুধু গাণিতিকভাবে নিশ্চিত হবে জার্মানদের বিশ্বকাপযাত্রা। একই অবস্থা হল্যান্ডেরও। একেবারে নিচের দল অ্যান্ডোরাকে হারালেই শুধু চলবে না তাদের, প্রার্থনা করতে হবে তুরস্কের সঙ্গে যাতে রোমানিয়া না জেতে। সুইজারল্যান্ডের ম্যাচটা সেই তুলনায় কঠিন, খেলতে হবে নরওয়েতে। তবে নরওয়েকে তারা হারাতে পারলেই চলে যাবে, যদি ড্র হয় আলবেনিয়া-আইসল্যান্ডের ম্যাচটা।
ইংল্যান্ড ও ফ্রান্সের বিশ্বকাপ যাত্রার পথ এখনো অনেক বাকি। আজ ইউক্রেনের বিপক্ষে তাদের মাঠে গিয়ে খেলবে ইংল্যান্ড। কিন্তু রুনি, স্টারিজ, ওয়েলবেকদের অনুপস্থিতিতে আক্রমণ নিয়ে কপালে ভাঁজ কোচ রয় হজসনের। আক্রমণভাগ রীতিমতো দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ফ্রান্স কোচ দিদিয়ের দেশমেরও। গোল খরায় ভুগতে থাকা বেনজেমা-জিরুদের বেলারুশের বিপক্ষে উদ্বুদ্ধ করতে সম্ভাব্য সবকিছু নিশ্চয়ই করবেন দেশম। এএফপি।