বুবকার রেকর্ড ভাঙলেন লাভিলেনি

ইনডোর-আউটডোর এত দিন দুটো বিশ্ব রেকর্ডই ছিল ইউক্রেনিয়ান পোল ভল্ট কিংবদন্তি সার্জিও বুবকার দখলে। অবশেষে ইনডোরের বিশ্ব রেকর্ডটি হাতছাড়া হলো তাঁর। পরশু বুবকার চোখের সামনেই তাঁর ২১ বছরের পুরোনো রেকর্ডটি ভেঙে দিলেন রেনো লাভিলেনি। এএফপি।
লাভিলেনির কীর্তির মাহাত্ম্যটা বেড়ে যাচ্ছে আরও একটা কারণে। ফরাসি পোল ভল্টার যে রেকর্ডটা ভেঙে দিলেন বুবকার দোনেৎস্কেই। ১৯৯৩ সালে এই দোনেৎস্কেই বুবকা পেরিয়েছিলেন ৬.১৫ মিটার। বুবকার উপস্থিতিতে সেই দোনেৎস্কেই লাভিলেনি প্রথম প্রচেষ্টাতেই পেরোলেন ৬.১৬ মিটার। রেকর্ড হাতছাড়া হওয়ার সাক্ষী শুধু নন, নতুন রেকর্ডধারীকে প্রথম অভিনন্দনও জানিয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য ৫০ বছর বয়সী বুবকাই, ‘আমরা আনন্দিত, রেকর্ডটা হলো এখানেই, দোনেৎস্কে। আমি এই ছেলেটাকে পছন্দ করি। আমি নিশ্চিত এটাই শেষ নয়, সে আরও উঁচুতে পৌঁছাবে এবং আরও অনেক অসাধারণ সাফল্য তার জন্য অপেক্ষা করছে।’
বুবকার রেকর্ড ভেঙে দিয়ে স্বাভাবিকভাবেই লাভিলেনি উচ্ছ্বসিত। কিন্তু প্রথম প্রচেষ্টাতেই বারটা ৬.১৬ মিটার উঁচুতে তুলতে বললেন কেন? অলিম্পিক সোনাজয়ী লাভিলেনির উচ্ছ্বসিত উত্তর, ‘আমি ৬.১৬ মিটার তুলতে বলেছি, কারণ এটাই ছিল সার্জিও বুবকার রেকর্ড ভেঙে দেওয়ার জন্য সবচেয়ে ভালো জায়গা।’ পরে বারটা ৬.২১ মিটার তুলে চেষ্টা করলেও পারেননি। একটু হতাশাও আছে। হাঁটুতে চোট পাওয়ায় আগামী মাসে পোল্যান্ডের ইনডোর বিশ্বচ্যাম্পিয়নশিপ মিসও করতে পারেন।