বুসকেটস-তেয়োর নতুন চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনার মূল দলে তাঁর আবির্ভাব পাঁচ বছর আগে। বার্সা কোচ হিসেবে পেপ গার্দিওলার সেটি প্রথম মৌসুম। আজ গার্দিওলা বার্সায় নেই। তবে সার্জিও বুসকেটস হয়ে উঠেছেন দলের অবিচ্ছেদ্য অংশ। বার্সা-বুসকেটস সম্পর্কটা আরও দীর্ঘস্থায়ী হলো পরশু। ঘরের ছেলের সঙ্গে ২০১৮ সালের জুন পর্যন্ত চুক্তি বাড়িয়েছে বার্সা।
পাঁচ বছরের বার্সার হয়ে চারটি লা লিগা, দুটি চ্যাম্পিয়নস লিগ ও দুটি কোপা ডেল রে শিরোপা জিতেছেন বুসকেটস। আরও পাঁচ বছর বার্সায় থাকা নিশ্চিত হওয়ায় ২৫ বছর বয়সী মিডফিল্ডার উচ্ছ্বসিত, ‘বিশ্বের সেরা ক্লাবের অংশ হয়ে থাকতে পারাটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। আমার পুরো জীবনই কেটেছে এই ক্লাবে, এখানেই থাকতে চাই সব সময়।’
আরেক ঘরের ছেলেকেও ২০১৮ সাল পর্যন্ত রেখে দেওয়া নিশ্চিত করছে বার্সা। বুসকেটসের চুক্তি স্বাক্ষরের ঘোষণার সঙ্গেই এসেছে ক্রিস্টিয়ান তেয়োর সঙ্গে চুক্তি বাড়ানোর ঘোষণা। শুক্রবারই চুক্তিতে সই করবেন ২২ বছর বয়সী উইঙ্গার। এএফপি।