বুসকেটসকে চড় মারতে চান ক্যাসিয়াস!

‘এল ক্লাসিকো’ শেষ হয়েছে সপ্তাহ দুই হতে চলল। কিন্তু এর রেশ রয়ে গেছে এখনো। ম্যাচে ঘটে যাওয়া নানা ‘কাণ্ড-কীর্তি’ নিয়ে এখনো মুখর বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ শিবির। ওই ম্যাচে অন্যতম আলোচিত ঘটনাটা হচ্ছে রিয়াল ডিফেন্ডার পেপের মাথায় বার্সার সার্জিও বুসকেটসের পা দিয়ে পাড়া দেওয়ার ঘটনা। এ ঘটনায় ইকার ক্যাসিয়াস এতটাই ক্ষুব্ধ, জাতীয় দলের সতীর্থের উদ্দেশে বলেই বসেছেন, দেখা হলে বুসকেটসের গালে নাকি চড় বসিয়ে দেবেন!
পেপে-বুসকেটসের সেই ঘটনার ছবি প্রকাশ হয়েছে সংবাদমাধ্যমে। রিয়াল গোলরক্ষক বলেন, ‘ছবি নিজেই কথা বলে। পেপে আমাদের দলের ফুলব্যাক। এর বেশি বলতে চাচ্ছি না। এটি ছিল উত্তপ্ত মুহূর্ত। আমার মতে বুসকেটস বাজে আচরণ করেছে। যখন দেখা হবে, ওকে কশে একটা চড় দেব।’
ম্যাচের পরপরই বুসকেটস অবশ্য এ ব্যাপারে সংবাদমাধ্যমের দোষ খুঁজে বেড়াচ্ছেন। তিনি দাবি করেছেন, পেপের সঙ্গে তাঁর নাকি কিছুই হয়নি, ‘পেপের সঙ্গে কিছুই হয়নি। ওকে আমি স্পর্শই করিনি। যত সব ফালতু! যদি ওর মাথায় পড়াই দিতাম, তাহলে নিশ্চয়ই বিরাট এক ক্ষতচিহ্ন থাকতো। কিন্তু তেমন কিছু কী দেখা গেছে? এসব আর কিছুই নয় সব সংবাদমাধ্যমে তৈরি করা ব্যাপার।’ সূত্র: ওয়েবসাইট।