
ছেলেগুলো মফস্বল বা গ্রাম থেকে আসা। প্রায় সবাই নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের। শহরের আধুনিক কেতাকায়দা জানে না। এলিট সমাজের মতো বিলাসী জীবনের স্বপ্ন চোখে আঁকতে জানে না। ওদের চোখে একটাই স্বপ্ন—ফুটবল খেলোয়াড় হতে হবে। ফুটবলেই জীবনের সার্থকতা খুঁজতে হবে। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারটেল ওদের নিস্তরঙ্গ জীবনে হঠাৎই যেন আলোর রেখা নিয়ে উপস্থিত।
ওদের অনেকের কাছে বিকেএসপির ফুটবল পাঠশালাতেই সুযোগ পাওয়াটা ছিল স্বপ্নের মতো। আর ওরা আজ ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবল একাডেমিতে প্রশিক্ষণ নিতে এসেছে! অনূর্ধ্ব-১৬ বছর বয়সী কিশোর ওরা। অষ্টম, নবম বা দশম শ্রেণীতে পড়ে। অত কিছু বোঝার বয়স হয়নি। তবু ইংল্যান্ডের মাটিতে পা ফেলার পর থেকেই যার সঙ্গে কথা বলি, সে-ই প্রথমে ধন্যবাদ জানায় এয়ারটেলকে। একটা বড় স্বপ্নের সিঁড়িতে পা ফেলা গেল তো এই প্রতিষ্ঠানটির জন্যই।
পরশু ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড ও নরউইচ সিটির ম্যাচটা দেখতে গিয়ে ওদের সে কী আনন্দ! কিন্তু দুকূল উপচানো আনন্দের মধ্যেও নাঈম, সোহান, ইমনদের মুখে এয়ারটেলের গুণগান। যে ফুটবল স্টেডিয়ামে রুনি-পার্সি-মাতা-হার্নান্দেজদের খেলা দেখেছে ওরা টেলিভিশনের পর্দায়, সাত সাগর তেরো নদীর ওপার থেকে, রাতে ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছে যার ছবি, সেই স্টেডিয়ামে বসে খেলা দেখল গর্বিত দর্শক হয়ে, বিখ্যাত ‘লাল’ দলটির একনিষ্ঠ সমর্থক হিসেবে। অথচ ওদের ১২ জনের মধ্যে সত্যিকারের ম্যানচেস্টার ইউনাইটেড-ভক্ত মাত্র দুজন। সবচেয়ে বেশি ৬ জন বার্সেলোনা-ভক্ত, ৩ জন রিয়াল মাদ্রিদের। এয়ারটেলের উদীয়মান তারকা অনুসন্ধান কর্মসূচির চূড়ান্ত বারোয় জায়গা পেয়েই যদিও ১০ জনই সমর্থন বদলে পাঁড় ইউনাইটেড-ভক্ত বনে গেছে! পরশু এ ম্যাচটি দেখার পর তো আর কথাই নেই। সবার বুকের মধ্যে খোদাই হয়ে গেছে একটিই নাম—ম্যানচেস্টার ইউনাইটেড!
এয়ারটেল ওদের কালো স্যুট দিয়েছে। সেই স্যুট পরে ওরা ১২ জন সার বেঁধে যখন ম্যানচেস্টার ইউনাইটেড স্টেডিয়ামের অঙ্গনে গিয়ে দাঁড়াল, বিশাল জনারণ্যেও
আলাদাভাবে চোখে পড়ল। এখানে-সেখানে গিয়ে ছবি তুলল ওরা মনের মতো করে। মোবাইল ফোন কিংবা ডিজিটাল ক্যামেরায়। কখনো স্যার ম্যাট বুসবির মূর্তির সামনে, কখনো স্যার অ্যালেক্স ফার্গুসনের মূর্তির সামনে দাঁড়িয়ে। বহুবর্ণ কোনো সমর্থক এসে ওদের সঙ্গে ছবি তুলতে চাইলেও না নেই। পরশুর দিনটা ওদের কাছে এসেছিল যেন প্রজাপতির রঙিন ডানায়। আর স্টেডিয়ামের মধ্যে ঢুকে ওরা যেন হারিয়েই গেল এক আনন্দপুরীতে।
সমর্থকেরা সুর করে গান গাইছে, ওরা না-বুঝে না-জেনে সেই সুরে গলা মেলাচ্ছে। সবচেয়ে ছোট্ট যে ছেলেটি, সেই মশিউর নাচই শুরু করে দিল। শহুরে স্মার্টনেসে অভ্যস্ত থাকলে ওদের মুখ দিয়ে হয়তো বেরোত একটি শব্দ ‘ওয়াও!’ বদলে প্রায় সবার মুখে প্রায় অভিন্ন প্রতিক্রিয়া, ‘ভালো লাগছে, খুব ভালো লাগছে।’
ম্যাচটা ম্যানচেস্টার ইউনাইটেড জিতল ৪-০ গোলে। কারও পূর্বানুমানই খাটেনি। ওরা কেউ ভবিষ্যদ্বাণী করেছিল ইউনাইটেড ২-০ গোলে জিতবে, কেউ ২-১ বা ৩-১। কিন্তু এমন বিধ্বংসী জয় কেউ ভাবেনি। দুই প্রিয় স্ট্রাইকার ওয়েইন রুনি ও হুয়ান মাতা দুটি করে গোল পাওয়ায় ওরা ভীষণ খুশি। ম্যাচ শেষে দিনাজপুরের ছেলে সোহানের যেন বিশ্বাসই হচ্ছিল ম্যাচটি সে মাঠে বসে দেখেছে, ‘ভাইয়া, এখনো যেন মনে হচ্ছে ম্যাচটি টেলিভিশনে দেখলাম।’ ময়মনসিংহের ছেলে মাহদুদ ওরফে ফাহিমের বিস্ময়ের ঘোর কাটেনি এক দিন পরও, ‘খেলাটা মনে হচ্ছে ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছি।’
ম্যাচ শেষে ওরা সবাই দাঁড়িয়েছিল ড্রেসিংরুমের বহির্গমন পথে। যদি স্বপ্নের ফুটবল তারকাদের সঙ্গে হাত মেলানো যায়! কিন্তু সেটি কি আর সম্ভব! থইথই মানুষের ভিড়ে দাঁড়িয়ে দূর থেকে ওরা দেখল, রুনি-মাতা-জোন্স-ডি গেয়ারা একে একে উঠছেন বাসে।
এ রকম তারকাদ্যুতি কি কখনো ঘিরে ধরতে পারে না ওদের? মন কেবল স্বপ্নই দেখে। তবে এটাও তো ঠিক, মানুষ তার স্বপ্নের সমান বড়। কে জানে হয়তো কোনো একদিন সেই স্বপ্নপূরণ হবে। ওল্ড ট্রাফোর্ডে এসে জীবনের একটা স্বপ্ন তো পূরণ হয়েই গেল।