বুড়িয়ে গেছেন নেইমার!
দুরু দুরু বুকে তিনি হেঁটে আসছেন পেনাল্টি নিতে। আশা-নিরাশার দোলাচলে পুরো ব্রাজিল। মাথায় পাহাড়সমান চাপ। সঙ্গে হয়তো ঘুরপাক খাচ্ছে এলোমেলো সব চিন্তাও। টাইব্রেকারে গোল পেতে ব্যর্থ হলেই যে বিশ্বকাপ-ভাগ্য ঝুলে থাকবে সুতোর ওপর! হঠাৎ করেই যেন হৃদস্পন্দন থমকে গেল সবার। নেইমার পেনাল্টি নিতে যাচ্ছেন—এলেন, জয় করলেন। সিদ্ধান্তহীনতাকে এক পাশে রেখে আরও একবার হয়ে উঠলেন আস্থার মূর্ত প্রতীক। তিনি নেইমার, ব্রাজিলের স্বপ্নের সারথি, মহানায়ক!
সব চাপ-প্রত্যাশা সামলে কী শান্তভাবেই না পেনাল্টিটা নিলেন নেইমার! আসলেই কি তাই? নেইমার নিজে কিন্তু বলছেন অন্য কথা। ওই সময় নাকি রীতিমতো উত্তেজনায় কাঁপছিলেন তিনি। পেনাল্টি শট নিতে আসার পথটুকু নাকি শেষই হচ্ছিল না, ‘মনে হচ্ছিল যেন ৫ কিলোমিটার ধরে হাঁটছি! পেনাল্টি নেওয়ার আগে আমার যে বয়স ছিল, মনে হচ্ছে পেনাল্টি নেওয়ার পর তা অনেক বেড়ে গেছে!’ গোলডটকম।