বুড়ো মার্কেজে এত ভেলকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
. কে বলবে, মার্কেজের বয়স ৩৫! l এএফপি
. কে বলবে, মার্কেজের বয়স ৩৫! l এএফপি

বিরতির সময় মেক্সিকো কোচ মিগুয়েল হেরেরা রাফায়েল মার্কেজকে ডেকে নিলেন এক পাশে। শূন্যে মার্কেজ দুর্দান্ত, অথচ প্রথমার্ধে সেটার সুবিধা সেভাবে নিতে পারল কই মেক্সিকো? হেরেরা ছাত্রকে হয়তো সেটাই মনে করিয়ে দিয়েছিলেন। দ্বিতীয়ার্ধে মেক্সিকো অধিনায়ককে লক্ষ করেই সেট পিসগুলো নিলেন দস সান্তোসরা। কৌশলটা কাজে দিল হাতেনাতেই, শেষ পর্যন্ত ক্রোয়েশিয়ার গোলমুখটা মেক্সিকো খুলতে পারল মার্কেজের হেড থেকেই।
পরশু তো অসাধারণ একটা কীর্তিও গড়ে ফেলেছেন মার্কেজ, গোল করেছেন টানা তিন বিশ্বকাপে। তাঁর বেশির ভাগ গোলের উৎস যেটি, পরশুও সেভাবেই। সেটা যে হুট করে নয়, রীতিমতো পরিকল্পনা করেই, পরে হেরেরা সেটিই ব্যাখ্যা করেছেন, ‘বিরতিতে আমরা সেট পিসের সময় রাফাকে (মার্কেজকে) সামনে খেলানোর কথা ভাবছিলাম। সেট পিস নিয়ে আমরা কাজ করেছি। সেটার সুফলই পেয়েছি।’
ক্রোয়েশিয়ার সঙ্গে ৩-১ গোলের জয়টা তো মেক্সিকোকে আরও বড় কিছুই পাইয়ে দিতে পারত। ব্রাজিল ক্যামেরুনকে বড় ব্যবধানে না হারালে তো মেক্সিকো গ্রুপ চ্যাম্পিয়নই হয়ে যেত। সেটা হয়নি, তবে মেক্সিকোর নকআউট পর্ব তাতে আটকে থাকেনি। ব্যাপারটা তাদের কাছে একরকম ডালভাতই হয়ে গেছে অবশ্য, গত সাতটি বিশ্বকাপেই অন্তত দ্বিতীয় রাউন্ডে উঠেছে মেক্সিকো।
পরশু মার্কেজের পর আন্দ্রেস গুয়ার্দাদো ও হাভিয়ের হার্নান্দেজ আরও দুই গোল করেছেন, তবে পথ দেখিয়েছেন তো মার্কেজই। ৩৫ বছর বয়সী সতীর্থকে প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন হার্নান্দেজ, ‘তিনি অসাধারণ একটা চরিত্র। তাঁর রেকর্ড দুর্দান্ত, টানা তিন বিশ্বকাপে গোল করেছেন। আমাদের জন্য তিনি খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। অনেকেই তাঁর বয়স নিয়ে সমালোচনা করছিল। এখন তো আমাদের অধিনায়ক, গোল করেছেন, মাঠে ও মাঠের বাইরে সবার পাশে এসে দাঁড়াচ্ছেন।’
বোঝাই গেল, শুধু মাঠে না, মার্কেজ ‘অধিনায়ক’ হয়ে উঠছেন মাঠের বাইরেও। ওয়েবসাইট।