বুড়োদের দলের তরুণ কোচ
এসি মিলানের ট্রফি-কেসটায় অপূর্ণতা নেই, এটা বলাই যায়। ইতালিয়ান কাপ থেকে শুরু করে ইতালিয়ান লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে শুরু করে চ্যাম্পিয়নস লিগ—কোন ট্রফি নেই সেখানে? তবু একটা হাহাকার ঘুরে বেড়াচ্ছে সানসিরোর একটা অংশে। মিলান তাদের সর্বশেষ ট্রফিটা জিতেছে ২০০৭ সালে। চ্যাম্পিয়নস লিগ। সর্বশেষ লিগ শিরোপা জিতেছে তারা ২০০৪ সালে।সানসিরোর আরেক শরিক ইন্টার মিলান প্রায় প্রতিবছরই শিরোপা-উৎসব করে। আর তাদের ঘরে জমে হতাশার কালো মেঘ। এই বৃত্ত ভাঙতে চায় এসি মিলান। তাই এবার নতুন কোচ নিয়েছে মিলান। নতুন মৌসুমে তরুণ কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রির হাত ধরে শিরোপা-উৎসবে মেতে উঠতে চায় তারা।মিলানের এই আশা কি পূরণ হবে? এসি মিলানের সমর্থকেরা অবশ্য শুরুর আগেই হাল ছেড়ে দিচ্ছে। কারণ, কোচ তরুণ হলেও মিলান যে আরও একটা মৌসুমে শিরোপা লড়াইয়ে নামছে ‘বুড়ো’ দল নিয়েই। কোচের বয়স মাত্র ৪২ বছর। আর দলে ৩০ বছরের নিচে খেলোয়াড় মাত্র ৩ জন—ব্রাজিলিয়ান স্ট্রাইকার পাতো (২০ বছর), সেন্টার-ব্যাক থিয়াগো সিলভা (২৬) ও ফুল-ব্যাক ইগনাসিও অ্যাবাতে (২৩)। গত মৌসুমে মিলানের খেলোয়াড়দের বয়স নিয়ে অনেক কথা হয়েছে, অনেক কৌতুকও হয়েছে। এবারও তা-ই। মিলান এ মৌসুমটা যখন শেষ করবে, তখন তাদের ৫ জন ডিফেন্ডারের বয়স হবে ৩৩ থেকে ৩৫। ইউরোপের বড় লিগগুলোতে খেলা অন্যতম বয়সী স্ট্রাইকার ফিলিপ্পো ইনজাগি মিলানে।এসি মিলানের মালিক যাঁকে তাঁর দলের প্রধান আকর্ষণ বলছেন, সেই রোনালদিনহোও এখন আর তাঁর সেরা ফর্মে নেই। বয়সও ৩০ পেরিয়ে গেছে। এর মধ্যে আবার ৩০ বছর বয়সী কলম্বিয়ান সেন্টার-ব্যাক মারিও ইয়েপেসের সঙ্গে চুক্তি করেছে মিলান। চুক্তি নবায়ন করেছে তারা ৩৩ বছর বয়সী জিয়ানলুকা জামব্রোত্তার সঙ্গে।মিলানের সমর্থকেরা এসব দেখে হতাশ। তবে কোচ মাসিমিলিয়ানো বলছেন, ‘এই দলটির এখনো অনেক কিছু দেওয়ার আছে। অনেক খেলোয়াড়েরই ত্রিশের ঘরে বয়স। আবার তরুণ খেলোয়াড়ও আছে।’ এএফপি।