বৃত্ত পূরণের প্রান্তে গার্দিওলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাগ্যই যেন ঠিক করে রেখেছে সব। শুরুটা যেখানে করেছিলেন, পেপ গার্দিওলা শেষটাও ঠিক সেখানেই করার সুযোগ পাচ্ছেন। ২০০৯ সালের মে মাসে অ্যাথলেটিক বিলবাওকে ৪-১ গোলে হারিয়ে স্প্যানিশ কাপ জিতেছিল বার্সেলোনা। ওটাই গার্দিওলার জেতানো ১৩ শিরোপার প্রথমটি। আজ সেই বিলবাওয়েরই মুখোমুখি বার্সা। সেই স্প্যানিশ কাপের ফাইনালেই!এ ম্যাচ দিয়েই বার্সার হয়ে চার বছরের শিরোপাস্নাত যাত্রার শেষ টেনে দিচ্ছেন ৪১ বছর বয়সী কোচ। কিছুদিন ধরে একেকটি ম্যাচ ছিল গার্দিওলার জন্য একেকটি বিদায়ের মঞ্চ। ন্যু ক্যাম্প থেকে বিদায় নিয়েছেন, বিদায় নিয়েছেন স্প্যানিশ লিগ থেকে। আজ সত্যিকারের বিদায়। গার্দিওলাকে ১৪তম শিরোপা জিতিয়ে বিদায় সংবর্ধনাটি সার্থক করে তোলার সুযোগ আজ মেসি-জাভিদের সামনে।তবে বিলবাওও প্রস্তুত সব আয়োজন ভণ্ডুল করে দিতে। ইউরোপা লিগের ফাইনালে হেরে যাওয়ার জ্বালাও মার্সেলো বিয়েলসার দল মেটাতে চায় এই ট্রফি জিতে। কোপা ডেল রে শিরোপা বার্সা যেমন রেকর্ড ২৫ বার জিতেছে, বিলবাওও এই শিরোপা ঘরে তুলেছে ২৩ বার। ঐতিহ্যগতভাবে এই টুর্নামেন্টে ভালো করার রেকর্ড তো তাদেরও আছে। গুরুদক্ষিণা দেওয়ার যে পণ মেসিরা করেছেন, ঘাম ঝরিয়েই তা পূর্ণ করতে হতে পারে তাদের। বার্সেলোনার খেলোয়াড়েরা এ ম্যাচটি যে কত গুরুত্বের সঙ্গে নিয়েছেন সেটা বোঝা যাচ্ছে জেরার্ড পিকের কথায়। ম্যানচেস্টার ইউনাইটেডে ব্যর্থ চারটি কঠিন মৌসুম পার করে ২০০৮ সালে পিকে ফিরে এসেছিলেন ঘরে। গার্দিওলার প্রথম মৌসুমটি তাঁর জন্যও ছিল বার্সার হয়ে প্রথম মৌসুম। শেষ প্রান্তে এসে কোচের সঙ্গে একটা দূরত্ব তাঁর তৈরি হয়েছিল বলে খবর আছে। যদিও সেই গুঞ্জন উড়িয়ে দেওয়া পিকে আবারও বলছেন, ‘তাঁর চলে যাওয়াটা আমার জন্য বড় আঘাত। তাঁর কারণেই আমি অনেক ভালো খেলোয়াড় হয়ে উঠতে পেরেছি। পুরো দলও অনেক কিছু শিখেছে তাঁর কাছে। তিনি অনেক বড় শূন্যতা রেখে যাবেন। অবশ্য আমরা টিটোর (ভিলোনোভা, নতুন কোচ) সঙ্গে কাঁধ মিলিয়ে এগিয়ে যাব। আমরা ভালোই করব। এটাই আসলে ফুটবল। একদিন না একদিন সব যুগেরই সমাপ্তি আসে।’প্রথমে শোনা যাচ্ছিল ম্যাচটি হবে রিয়াল মাদ্রিদের মাঠে। কিন্তু সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সাকে শিরোপা উৎসব করার সুযোগ দিতে চায়নি রিয়াল। ম্যাচটা শেষ পর্যন্ত মাদ্রিদেই হচ্ছে, তবে ভেন্যু পাল্টেছে। খেলা হবে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে। নিজের বিদায়ী মৌসুমটা গার্দিওলার জন্য হতাশারই ছিল। স্প্যানিশ লিগ আর চ্যাম্পিয়নস লিগের দুটি শিরোপাই হাতছাড়া করেছেন। অবশ্য এ মৌসুমটা স্প্যানিশ সুপার কাপ আর উয়েফা সুপার কাপ জিতেই শুরু হয়েছিল। গত ডিসেম্বরে বার্সা জিতেছে ক্লাব বিশ্বকাপও। তবে শেষ ভালো যার সব ভালো তার। রয়টার্স।