বৃত্তি পাচ্ছেন মাবিয়া

অনুষ্ঠান শেষে মাবিয়া আক্তার সীমান্তের মুখে স্নিগ্ধ হাসি। এসএ গেমসে সোনাজয়ী ভারোত্তোলকের এক হাতে ধরা সম্মাননা ক্রেস্ট, অন্য হাতে চেক। সর্বশেষ জাতীয় প্রতিযোগিতায় সেরা হওয়ায় ফেডারেশন থেকে বাংলাদেশ আনসারের ভারোত্তোলককে দিয়েছে সম্মাননা ক্রেস্ট, একই সঙ্গে মাসিক বৃত্তিও পাচ্ছেন।
ঠিকাদারী প্রতিষ্ঠান এআরকে গ্রুপ মাবিয়াকে প্রতি মাসে ১৫ হাজার করে টাকা দেবে। আগামী ছয় মাস পর্যন্ত নিয়মিত এই টাকা পাবেন মাবিয়া। পারফরম্যান্সের উন্নতি হলে বৃত্তির টাকা সামনে আরও বাড়বে।
এর আগে ভারোত্তোলকদের বৃত্তি দিত বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। একটা নির্দিষ্ট ওজন তুলতে পারলে দেওয়া হতো টাকা। কিন্তু ২০১৫ সালের জানুয়ারির পর থেকে সেই বৃত্তি বন্ধ হয়ে যায়। বিওএর ওই বৃত্তি না থাকলেও ফেডারেশনের মাধ্যমে আবারও বৃত্তি পাচ্ছেন ভারোত্তোলকেরা। ফেডারেশন-ঘোষিত নতুন এই বৃত্তি অবশ্য মিশ্র অনুভূতির জন্ম দিয়েছে ভারোত্তোলকদের মাঝে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারোত্তোলক কাল বললেন, ‘ট্রায়ালে সেট মার্ক পেরোলে যে টাকা পেতাম সেটা ছিল আমাদের আয়ের গুরুত্বপূর্ণ উৎস। টাকার জন্যই কঠোর পরিশ্রম করতাম, এতে পারফরম্যান্সও ভালো হতো। তখন আমরা তিনজন পেতাম এই টাকা। এবার শুধু মাবিয়া একাই পাচ্ছে। আরও কয়েকজনকে এই বৃত্তির আওতায় আনলে বরং ভালো হতো।’
আগামী মাসে আজারবাইজানে ইসলামিক সলিডারিটি গেমসে যাবেন মাবিয়া। এই আর্থিক প্রণোদনা মাবিয়াকে জোগাচ্ছে বাড়তি আত্মবিশ্বাস, ‘ফেডারেশন যেভাবে মূল্যায়ন করছে তাতে আমি খুব খুশি। বৃত্তির টাকা পেয়ে দায়িত্বও বেড়ে গেল, ইসলামিক গেমসে পদকের লক্ষ্যে খেলব। এ বছরের পারফরম্যান্সের ধারাবাহিকতা ভবিষ্যতেও ধরে রাখতে চাইব। যাতে আগামীবারও এই পুরস্কার আমি পাই।’
কাল জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে বৃত্তি প্রদান অনুষ্ঠানে মাবিয়া ছাড়াও গত জাতীয় ভারোত্তোলনে সোনাজয়ীদের মাঝে ১ লাখ টাকা ভাগ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবুল হোসেন।