বৃথা গেল ধোনির লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাথা নিচু করে ক্লান্ত পায়ে মাঠ ছাড়লেন। কদিনের না-কামানো খোঁচা-খোঁচা কাঁচাপাকা দাড়ির কারণে আরও বেশি ক্লান্ত দেখাচ্ছিল। দলে ধারাবাহিকতা নেই। তাঁর আগের সেই জাদুও নাকি হারিয়ে গেছে। মাথার ওপর উদ্যত সমালোচনার তলোয়ার। এমন পরিস্থিতিতে খেলেছেন এমন এক ইনিংস, ‘অসাধারণ’ শব্দটিও যার জন্য যথেষ্ট নয়। ‘ক্যাপ্টেনস নকে’র সংজ্ঞা খুঁজতে ক্রিকেট অভিধানের চেয়ে এই ইনিংসের ভিডিও দেখার পরামর্শই দেবেন বোদ্ধারা। কিন্তু ধোনির মুখে হাসি নেই। দল যখন হেরে যায়, ধ্বংসস্তূপে দাঁড়িয়ে প্রায় নিঃসঙ্গ এক লড়াইয়ে ১২৫ বলে খেলা ১১৩ রানের অপরাজিত ইনিংসটাও ধোনির মতো মানুষের কাছে হয়ে যায় অর্থহীন! পরাজিত দলে থেকেও ম্যাচসেরার স্বীকৃতি উল্টো বরং জ্বালাটাই বাড়াল তাঁর।ধ্বংসস্তূপ বলে ধ্বংসস্তূপ। ২৯ রানের মধ্যেই নেই ভারতের প্রথম পাঁচ ব্যাটসম্যান। এটি ছিল ভারতের ৮১০তম ওয়ানডে, এর চেয়ে কম রানে প্রথম ৫ উইকেট পড়েছে মাত্র তিনবার! জুনাইদ-ইরফানের সুইং আর গতির সামনে ব্যাটসম্যানদের এতটাই অসহায় দেখাচ্ছিল যে একসময় ভারতের সর্বনিম্ন স্কোরগুলোও ভেসে উঠল টিভি পর্দায়। সেখান থেকে প্রথমে রায়না, এর পর অশ্বিনকে নিয়ে কী লড়াইটাই না করলেন ধোনি! কিন্তু তাতে স্কোরটা ভদ্রস্থই হলো, যথেষ্ট নয়। প্রথম বলেই উইকেট হারালেও শেষ পর্যন্ত ৬ উইকেটের অনায়াস এক জয়ই তুলে নিয়েছে পাকিস্তান। ধোনির অপরাজিত সেঞ্চুরি হেরে গেছে আরেক অপরাজিত সেঞ্চুরির কাছে। ওপেনার নাসির জামশেদের ১০১ রানের ইনিংস পাকিস্তানকে এগিয়ে দিয়েছে সিরিজে।পাকিস্তানের জয়ের আরেক নায়ক অবশ্য আরেক ‘জ’—জুনাইদ। টস জিতে বোলিং নিয়েছিলেন মিসবাহ। মেঘলা আবহাওয়া আর ভেজা মাঠের কারণে খেলা শুরুই হয়েছে এক ঘণ্টা পর। কয়েক দিন ধরে চেন্নাইয়ে বৃষ্টি হচ্ছিল। টস হয়ে উঠেছিল গুরুত্বপূর্ণ। ম্যাচের প্রথম এক ঘণ্টা ছিল পেসারদের বাড়তি সুবিধার।শুধু পেলেই হয় না, সুবিধা কাজেও লাগাতে হয়। জুনাইদ-ইরফান তা দারুণভাবে লাগালেন। বিশেষ করে জুনাইদ। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ—এই তিন ওভারেই ৪ উইকেট হারাল ভারত। চার ব্যাটসম্যানই উপড়ে যেতে দেখলেন স্টাম্প, উড়তে দেখলেন বেল। যখন ফিল্ডারের সাহায্য লাগল, সেই সময় স্লিপে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত এক ক্যাচ নিয়ে দায়িত্ব পালন করলেন হাফিজ। বিনা উইকেটে ১৭ থেকে ১২ রানের মধ্যেই ভারত হারাল ৫ উইকেট। চারটিই জুনাইদের।এরপরই শুরু ধোনির লড়াই। রায়নার সঙ্গে ৭৩ রানের জুটিটা ছিল আত্মরক্ষার, ওভারপিছু তিনের সামান্য বেশি রান উঠেছে পরিস্থিতির দাবি মেনে। কিন্তু অশ্বিনের সঙ্গে ওভারে সাতের ওপর তোলা রেকর্ড ১২৫ রানের অবিচ্ছিন্ন জুটিটি ছিল পাল্টা-আক্রমণের। জুটিতে ধোনির অবদানই ৯১। শেষ দুই ওভারে এসেছে ৩১। ছক্কা মেরে পৌঁছেছেন ওয়ানডের অষ্টম সেঞ্চুরিতে, যেটির পথে পূর্ণ হয়েছে সাত হাজার রানও। ১৬ রানে মিড উইকেটে ধোনির ক্যাচ ফেলাটা তখন পুড়িয়ে মারছে মিসবাহকে। যদিও শেষ পর্যন্ত সেই আক্ষেপ মুছে গেছে পাকিস্তান অধিনায়কের।চিদাম্বরম স্টেডিয়ামে ২২৭ বা এর চেয়েও কম রান করে জেতার নজির আছে মাত্র দুটি। এই পুঁজি নিয়ে জিততে হলে দারুণ একটা শুরু চাই। ২১ রানে ২ উইকেট তুলে নিয়ে ভারতের বোলাররা ভালো শুরুও করেছিল। দুটি উইকেটই অভিষিক্ত ভুবনেশ্বর কুমারের। প্রথম ৬ ওভার শেষে তাঁর বোলিং ফিগারও ছিল দেখার মতো: ৬-৩-৫-২! কিন্তু এদিন চার বোলার নিয়ে খেলতে নামার খেসারত দিতে হলো ধোনিকে। পঞ্চম বোলারের শূন্যতা পূরণ করতে গিয়ে খণ্ডকালীন তিন বোলার ১০ ওভারে দিয়ে ফেললেন ৭৭ রান।৫ ওভারে যুবরাজ দিয়েছেন ৩৩ রান। তার চেয়েও বড় ‘ক্ষতি’টা করেছেন পয়েন্টে দিন্দার বলে জামশেদের ক্যাচ ফেলে। তখন ৬৮ রানে থাকা জামশেদ মাঠ ছেড়েছেন ম্যাচ জিতিয়ে। ইউনুস খানের সঙ্গে তৃতীয় উইকেটে তাঁর ১১২ রানের জুটিটিই গড়ে দিয়েছে ম্যাচের ভাগ্য। শুরুতেই ২ উইকেট হারিয়ে ফেলার ধাক্কাটা সামলানোয় ইউনুসের ইতিবাচক ব্যাটিংয়েরই সবচেয়ে বড় ভূমিকা। তথ্যসূত্র: স্টার ক্রিকেট ও ক্রিকইনফো।