বৃথা গেল নাজিমউদ্দিনের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এ’ দলের ত্রিপক্ষীয় লড়াইয়ে ক্রমেই পিছিয়ে পড়ছে বাংলাদেশ। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের কাছে হারার পর কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচেও তারা হেরেছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে। অন্যদিকে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে কালকের ২৯ রানের জয়টা সিরিজে দ্বিতীয় জয় ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের।ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের ৭ উইকেটে করা ২৫৯ রানের জবাবে শুরুতেই টালমাটাল হয়ে পড়ে বাংলাদেশ ‘এ’ দলের ইনিংস। কোনো রান না উঠতেই ইনিংসের পঞ্চম বলে বাকেরের বলে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার উত্তম সরকার। এর পর দলকে জেতানোর দায়িত্ব বলতে গেলে একাই কাঁধে তুলে নেন নাজিমউদ্দিন। শামসুরের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ৮৪ আর তৃতীয় উইকেট জুটিতে রকিবুলের সঙ্গে ৬৩ রানের দুটি জুটি গড়ে সে পথে বাংলাদেশ ‘এ’ দলকে নিয়েও যাচ্ছিলেন তিনি। কিন্তু ১৩টি বাউন্ডারিতে ৮৬ বলে ৮৯ রান করে নাজিমউদ্দিন ইমরান খানের বলে স্টাম্পড হয়ে গেলে স্বপ্ন ফিকে হতে থাকে। এর পর ৪৩তম ওভারে দলের ২১৬ রানের মাথায় ষষ্ঠ আর সপ্তম উইকেটের পতনে স্বাগতিকদের পরাজয়টা নিশ্চিতই হয়ে যায় একরকম। ধীমান ঘোষ আর নূর হোসেনের এ দুটি উইকেটসহ ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের নেলন প্যাসকাল একাই নিয়েছেন ৪ উইকেট।এর আগে দুই মিডল-অর্ডার ড্যারেন ব্রাভো (৬৯) আর ব্রেন্ডন ন্যাশের (৬০) দৃঢ়তায় ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের সামনে ২৫৯ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় সফরকারীরা। ২৭ রানে দুই ওপেনারই ফিরে যাওয়ার পর তৃতীয় উইকেটে অধিনায়ক ট্রাভিস ডাওলিন (৩৭) আর ব্রাভো মিলে যোগ করেছেন ৮৪ রান।দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে আজ নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল।