টেস্ট ইতিহাসের ২০০০তম টস জেতার কি কোনো পুরস্কার আছে? ইতিহাসের পাতায় লেখা থাকবে, এ ছাড়া আর কী! মহেন্দ্র সিং ধোনি বলতে পারেন, টস জয়টাই সবচেয়ে বড় পুরস্কার! টেস্টে টস জেতা তো এমনিতেই গুরুত্বপূর্ণ। কাল এর গুরুত্ব কয়েক গুণ বাড়িয়ে দিল প্রকৃতি। এমনিতেই লর্ডসের উইকেট এখন ব্যাটসম্যানদের পক্ষে, প্রথম দিন সকালের আর্দ্রতাটুকুই বোলারদের জন্য সান্ত্বনা। সেখানে এবার টেস্ট শুরুর আগের তিন-চার দিন টানা বৃষ্টিতে উইকেট ঢাকা ছিল, রোদের ছোঁয়া পায়নি একটুও। আছে ঘাসের ছোঁয়াও। এমন উইকেটে বোলিং করার সুযোগ কে না চাইবে! টস জয়ের পর ধোনির মৃদু হাসিতেই তো এটা বুঝে নেওয়া গেছে।দিন শেষে অবশ্য শুরুর সেই বাড়তি সুবিধার প্রতিফলন খুব একটা নেই স্কোর কার্ডে। ইংল্যান্ড ২ উইকেটে ১২৭। দুই দলই হয়তো বলবে, ‘মন্দ নয়, তবে আরও ভালো হতে পারত!’ টস হেরে এমন উইকেটে ব্যাটিং, সাম্প্রতিক সময়ের রান-মেশিন অ্যালিস্টার কুককে শুরুতেই হারানোর কথা ভাবলে বরং খানিকটা এগিয়ে রাখা যায় ইংল্যান্ডকেই। বৃষ্টিতে আধঘণ্টা পরে শুরু হয় খেলা। টানা তিনটি মেডেন দিয়ে শুরু হয় ইংল্যান্ডের ইনিংস। আদর্শ পরিবেশ পেয়ে যেন ইচ্ছেমতো সুইং করালেন প্রাভিন কুমার। তবে অনুমিতভাবেই বেশি বিপজ্জনক ছিলেন জহির খান। দুটি উইকেটই নিয়েছেন এই বাঁহাতি পেসার। সবচেয়ে কাঙ্ক্ষিত উইকেটটিই পেয়েছেন শুরুতে, ৬ ইনিংস পর ফিফটির আগে আউট হয়েছেন কুক। সাম্প্রতিক সময়ে বাঁহাতি পেস প্রচণ্ড ভোগাচ্ছে অ্যান্ড্রু স্ট্রাউসকে। তবে প্রস্তুতি ম্যাচের পর কালও দারুণ আত্মবিশ্বাস নিয়ে খেলছিলেন জহিরকে। ইংলিশ অধিনায়ককে বরং ভুগিয়েছেন প্রাভিন। এই মিডিয়াম পেসারের প্রথম স্পেলেই ছয়বার অল্পের জন্য স্ট্রাউসের ব্যাটের কানা ছোঁয়নি বল, তিনবার কানা ছুঁয়েও বল যায়নি স্লিপ পর্যন্ত। ট্রটকে নিয়ে প্রথম সেশনটা দাঁতে দাঁত কামড়ে তবু পার করে দেন স্ট্রাউস। কিন্তু যেভাবে আউট হলেন, সেই ভিডিওটা দেখতে ভালো লাগবে না ইংল্যান্ড অধিনায়কের। অফ স্টাম্পের অনেক বাইরের একটা শর্ট বলে পুল করতে গিয়ে ফাইন লেগে ধরা পড়েছেন ইশান্ত শর্মার হাতে। তবে আবারও দাঁড়িয়ে গেছেন জোনাথন ট্রট, পিটারসেনের সঙ্গে অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে করেছেন ৬৫ রান। পরিস্থিতির দাবি মিটিয়ে খেলছেন পিটারসেনও। কিন্তু চারদিক আঁধার করে আসা বৃষ্টিতে বন্ধ হয়ে গেছে দিনের খেলা। তবে ধোনির জন্য এর চেয়েও বড় দুশ্চিন্তা, হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছেড়েছেন জহির! ওয়েবসাইট।স্ট্রাউসের যমসর্বশেষ ২৪ ইনিংসে ১২ বার বাঁহাতি পেসে আউট হলেন স্ট্রাউস, জহিরের বিপক্ষে ১১ ইনিংসে ষষ্ঠবার!