বৃষ্টি, শামসুর এবং দুটি পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু দিন শেষে সৈয়দ রাসেল ৫ রান নিয়ে ব্যাট করছিলেন। পরের ব্যাটসম্যান হিসেবে প্রস্তুত ছিলেন ডলার মাহমুদ। খুলনার এই দুই পেসারের আর ব্যাট করতে নামা হলো না। জাতীয় দলে ডাক পেয়ে কাল সকালে ঢাকায় রওনা দিলেন।আগেই বিপাকে পড়ে যাওয়া খুলনা দুই পেসারের বদলি হিসেবে দলে ঢুকিয়ে ফেলেছিল দুই ব্যাটসম্যান আসলাম আলী ও জোবায়দুর রহমানকে। তাতেও ২৭৭ রানে অলআউট হওয়া খুলনা প্রথম ইনিংসে ২১৯ রানে এগিয়ে থাকায় ঢাকার ফলোঅন করানোর সুযোগ ছিল। তবে তা না করে আবার ব্যাট করেছে ঢাকা। শামসুর রহমানের সেঞ্চুরিতে (১১৪ বলে ১০২, ১০টি চার ও ২টি ছয়) ৫ উইকেটে ১৭০ রান করে ইনিংস ঘোষণা করায় খুলনার সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৯০ রানের। দিন শেষে ১৪ রান তুলতেই ওপেনার সৌম্য সরকারের উইকেট খুইয়েছে খুলনা।খুলনার পরাজয়ের মতোই প্রায় নিশ্চিত জাতীয় লিগের প্রথম রাউন্ডের বাকি দুই ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হওয়া। যশোরে রাজশাহী-সিলেট এবং বগুড়ায় চট্টগ্রাম-বরিশাল ম্যাচে কাল একটি বলও মাঠে গড়ায়নি বৃষ্টির দাপটে। আজও খেলা হওয়ার সম্ভাবনা কম।রাজশাহীতে প্রথম দিন থেকেই খুলনাকে চেপে ধরেছিল প্রথম ইনিংসে ৪৯৬ রান করা ঢাকা। খুলনার প্রথম ইনিংসে গতকাল একটু প্রতিরোধের চেষ্টা করলেন অধিনায়ক সগীর হোসেন (৬৫)। কোনো চেষ্টায় কাজ হয়নি। আগের দিন ২ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি কাল আরও ৩ উইকেট নিয়ে লেজ ছেঁটে ফেললেন খুলনার।ঢাকার দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় বলেই আউট হয়ে যাওয়ার পর আশরাফুল ও মেহরাব জুনিয়রের সঙ্গে ৬৬ ও ১০২ রানের দুটি জুটি গড়েন শামসুর। দুটিতেই অগ্রণী ভূমিকায় ছিলেন তিনি। প্রথম ইনিংসে সেঞ্চুরি পাওয়া আশরাফুল শূন্য রানেই উইকেটকিপারকে ক্যাচ দিয়েই বেঁচে যাওয়ার পর খোলসে ঢুকে যান। ২৬ রান করতে লাগিয়েছেন ৬৩ বল। মেহরাবের ৭৪ বলে ২৭ রানও পরিস্থিতির সঙ্গে মানানসই ছিল না।