বৃষ্টি আর তামিমের আফসোস

ড্রেসিংরুমে ফিরে নিশ্চয়ই আক্ষেপে পুড়েছেন সাকিব আল হাসান। আর মিনিট দশেক উইকেটে থাকলেই পার হয়ে যেত দিনটা। একই আফসোস হওয়ার কথা তামিম ইকবালেরও। আরও চার-পাঁচ ওভার টিকে থাকলেই প্রথম দিন শেষে থাকা যেত অপরাজিত! হতে পারত বহু কাঙ্ক্ষিত সেঞ্চুরিও।
সাকিব আউট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চা-বিরতি, আর এই চা-বিরতির মধ্যেই নামল বৃষ্টি। সেই বৃষ্টি এক ঘণ্টারও বেশি সময় ধরে চলার পর বাধ্য হয়েই ৫৫ মিনিট বাকি থাকতে দিনের খেলার ইতি টেনে দিলেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মাঠ তখন মনে হচ্ছিল বড় একটা দিঘি! উইকেট আর ৩০ গজ এলাকা কভারে ঢাকা। এর বাইরে জায়গায় জায়গায় ঘাস ডোবানো পানি। আগের দিন দুপুরে এর চেয়ে অনেক কম বৃষ্টির পরও বিকেল পর্যন্ত ভেজা ছিল মাঠ। কালকের ঘণ্টা দেড়েকের বৃষ্টির পর তাই আর মাঠ পর্যবেক্ষণের প্রয়োজন মনে করলেন না আম্পায়াররা।
ততক্ষণে আক্ষেপে পুড়ছেন তামিম ইকবাল। ২০১০ সালের মে-জুনে ইংল্যান্ড সফরের লর্ডস আর ওল্ড ট্রাফোর্ড টেস্টে পরপর দুই সেঞ্চুরি করেছিলেন। এরপর কেটে গেছে প্রায় সাড়ে তিন বছর। খেলে ফেলেছেন আরও ১০টি টেস্ট। আরেকটি টেস্ট সেঞ্চুরি তবু অধরাই থেকে গেছে তামিমের। কাল সেই বন্ধ্যাত্ব ঘোচানোর সুবর্ণ সুযোগ পেয়েও সেটি হাতছাড়া। সেঞ্চুরি থেকে মাত্র ৫ রান দূরে থাকতে কেন যে ওয়াগনারের অফ স্টাম্পের বাইরে দিয়ে যাওয়া বল অমন খোঁচা মারতে গেলেন...! গালিতে দারুণ এক ক্যাচ নিয়ে তামিমকে ড্রেসিংরুমের পথ দেখিয়ে দিলেন উইলিয়ামসন। ওয়ানডেতে নার্ভাস নাইনটিতে আউট হওয়ার অভিজ্ঞতা আছে একবার। টেস্টে সেটি হলো কালই প্রথম। দুবারই রান ৯৫!
চা-বিরতির সময় বৃষ্টি এলেও কাল সকাল থেকে ঝকঝকে রোদ হেসেছে মিরপুরের আকাশে। টসে জিতে তাই তামিম-এনামুলকে ব্যাটিংয়ে পাঠাতে দ্বিধা করেননি অধিনায়ক মুশফিকুর রহিম। এনামুল দিনের পঞ্চম ওভারেই বোল্টকে পুল করতে গিয়ে ক্যাচ তুলে দিলেন। তবে তামিম যেন প্রথম টেস্টের হতাশা দূর করতেই মাঠে নেমেছিলেন। বাজে বল ছেড়ে ব্যাট করাটা তাঁর স্বভাবে নেই। কালও বাজে বলে বোলারকে ‘উপহার’ দিলেন কেবলই বাউন্ডারি। ব্যক্তিগত ৫ আর ১০ রানের সময় ব্রেসওয়েলের বলে দুবার স্লিপে ক্যাচ দিয়ে বেঁচে গেছেন, ওই ব্যাট এরপর শুধু দর্শকদের হাততালিই কুড়িয়েছে। ব্যক্তিগত ৪১ রান থেকে উইলিয়ামসনের বলে এক্সট্রা কাভার দিয়ে পরপর দুই বাউন্ডারিতে ৪৯, পরের বলটা মিড অফে ঠেলে টেস্টে ১৩তম ফিফটি। লাঞ্চের আগে দ্বিতীয় উইকেট জুটির সঙ্গী মার্শাল আইয়ুব ফিরে গেলেও তামিমের ৭৬ বলে করা ওই ফিফটির সৌজন্যে বাংলাদেশের রান ততক্ষণে ১১১। চা-বিরতিতে যাওয়ার সময় সেটিই ২২৮/৫। এরপর খেলা বন্ধ।
তামিমের যেমন সেঞ্চুরির জন্য আফসোস থাকতে পারে, মার্শাল আর মুমিনুল হক নিশ্চয়ই ফিফটি না পেয়ে হতাশ। চল্লিশ পেরিয়ে মার্শাল না হয় ওয়াগনারের দারুণ এক ডেলিভারিতে বোল্ড, কিন্তু ৪৭ রান করে মমিনুল যেভাবে কট বিহাইন্ড, সেটি রীতিমতো অপরাধের পর্যায়ে পড়ে। অ্যান্ডারসনের শর্ট বল অফ স্টাম্পের অনেক বাইরে দিয়ে চলে যাচ্ছিল। মমিনুল সেটিতেই ব্যাট ছুঁইয়ে কট বিহাইন্ড। উইকেট বিলিয়ে দিয়ে আসার অপরাধে অপরাধী এনামুল আর তামিমও। দিন শেষে মার্শাল যতই বলুন, বাজে বলে মেরে খেলার নীতি ছিল তাঁদের, টেস্ট ক্রিকেটে এতটা বেপরোয়া হওয়ার আসলেই কোনো যুক্তি নেই।
এর একমাত্র সুফল চা-বিরতির আগেই স্কোরবোর্ডে ২২৮ রান। যদিও টেস্ট ক্রিকেটে খুব বড় কিছু করে ফেলার দাবি করতে পারে না এই স্কোর। বরং কিছু প্রশ্ন তুলে দিচ্ছে। নিউজিল্যান্ডের বোলিং ছিল নির্বিষ, উইকেট ব্যাটিংবান্ধব। তার পরও দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ উইকেট জুটিতে মার্শাল, মমিনুল আর সাকিবের সঙ্গে তামিমের ৬৭, ৭৬ আর ৪২ রানের জুটিগুলো কেন আরও বড় হলো না? কারণ দর্শানো নোটিশ দেওয়া যেতেই পারে ব্যাটসম্যানদের।