বৃষ্টি আরও ‘কঠিন’ করে দিল নির্বাচকদের কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তুতি ম্যাচ না হলে হা-হুতাশ সফরকারী দলই বেশি করে। নতুন জায়গায় গিয়ে নতুন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগটা যে নষ্ট হয়ে যায়। তবে বৃষ্টির কারণে টেস্ট সিরিজ-পূর্ব একমাত্র প্রস্তুতি ম্যাচটা না হলে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বাংলাদেশই বেশি মন খারাপ করে কি না, কে জানে। এই ম্যাচ না হলে যে টেস্টের খেলোয়াড় ‘চেনা’ নিয়ে একটু সমস্যায়ই পড়ে যাবে আকরাম খানের নির্বাচক কমিটি।এক টেস্টের জন্যই যখন ২২ জনের প্রাথমিক দল দেওয়া হয় এবং সেটাও টেস্টের মাত্র সাত দিন বাকি থাকতে, দল নিয়ে নির্বাচকদের দ্বিধাদ্বন্দ্বটা বোঝাই যায়। দ্বিধাদ্বন্দ্বের মূল কারণ, বাংলাদেশ দল টেস্ট খেলে না প্রায় এক বছর। এই দীর্ঘ বিরতির পর বাংলাদেশের সর্বশেষ টেস্টে খেলা খেলোয়াড়দের কার কী অবস্থা, প্রস্তুতি ম্যাচ তা কিছুটা হলেও বুঝিয়ে দিত। আবার ‘এ’ দলের হয়ে বা জাতীয় লিগের প্রথম দুই রাউন্ডে যেসব উদীয়মান চোখে পড়ার মতো পারফর্ম করেছেন, তাঁদের বেলায় শেষ সিদ্ধান্ত নেওয়ার আগেও শেষ দেখার ব্যাপার ছিল বিকেএসপির ম্যাচটাতে। কিন্তু টানা তৃতীয় দিন বৃষ্টির কারণে প্রস্তুতি ম্যাচ বলতে গেলে কালই অনানুষ্ঠানিকভাবে বাতিল হয়ে গেছে। আজ সেটি শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষা। প্রধান নির্বাচক আকরাম খানের কণ্ঠে তাই হতাশা, ‘তিন দিনের ম্যাচটা হলে খেলোয়াড়দের জন্য যেমন ভালো হতো, তেমনি আমরাও কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে পারতাম। কিন্তু এখন তো শুনছি খেলা না হওয়ার সম্ভাবনাই বেশি।’প্রস্তুতি ম্যাচে ভালো খেললে নতুন একাধিক খেলোয়াড়ের জন্য খুলে যেতে পারত টেস্ট দলের দরজা। আবার ভালো না খেললে জাতীয় দলের দু-একজন নামী খেলোয়াড়ের জন্যও তৈরি হতে পারত সংকটময় পরিস্থিতি। তিন দিনের ম্যাচ না হলে যেহেতু চ্যালেঞ্জটা কারও সামনেই থাকবে না, প্রথম টেস্টের ১৪ সদস্যের দল নির্বাচনে সহজ পথেই হাঁটার চিন্তা করবেন নির্বাচকেরা। পরীক্ষায় না গিয়ে দ্বিধাদ্বন্দ্বের জায়গাগুলোতে নামে ভারী খেলোয়াড় নেওয়ারই চিন্তা তাঁদের। সে সঙ্গে গত ডিসেম্বরে বাংলাদেশের সর্বশেষ টেস্ট সিরিজের পারফরম্যান্সও আনা হবে বিবেচনায়।নির্বাচকদের গবেষণা মূলত ব্যাটিং অর্ডারের দুই, তিন আর চার নম্বর জায়গা নিয়ে। তামিম ইকবালের সঙ্গে কে যাবেন ইনিংস শুরু করতে? পাকিস্তানের বিপক্ষে গত বছরের সর্বশেষ সিরিজে প্রথম টেস্টের দুই ইনিংসেই লম্বা সময় উইকেটে ছিলেন নাজিমউদ্দিন। ওই পারফরম্যান্সের সুবাদে তিনিই এগিয়ে ছিলেন তামিমের সঙ্গী হওয়ার দৌড়ে। তবে জাতীয় লিগে ১৮১ রানের ইনিংস খেলে তাঁর প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন জুনায়েদ সিদ্দিক। তবে উদ্বোধনী জুটিতে জায়গা না পেলে তিন নম্বরের জন্য বিবেচনায় থাকবেন জুনায়েদ, তখন তাঁর লড়াই শাহরিয়ার নাফীসের সঙ্গে। কিন্তু সে লড়াইয়েও বাংলাদেশের সর্বশেষ টেস্টে ৯৭ রানের ইনিংস খেলা শাহরিয়ারের জেতার সম্ভাবনা বেশি। চিত্রটা আরও পরিষ্কার করে দেওয়া যায়। টপ অর্ডারে একমাত্র নিশ্চিত নাম তামিম ইকবাল ছাড়া বাকি দুটি জায়গার জন্য লড়াইয়ে আছেন নাজিমউদ্দিন, জুনায়েদ ও শাহরিয়ার নাফীস। ‘বিজয়’ ডাকনামের এনামুল হককে নামিয়ে দিয়ে নির্বাচকেরা কোনো চমক দিতে চাইলে অবশ্য ভিন্ন কথা।ব্যাটিং অর্ডারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত চার নম্বরে একটি নাম একরকম লিখেই রেখেছেন নির্বাচকেরা। গত বছরের নভেম্বরে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই সর্বশেষ টেস্ট খেলা নাঈম ইসলাম জাতীয় লিগের দুই ম্যাচে দুই সেঞ্চুরিসহ করেছেন ৩১১ রান। ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ‘এ’ দলের হয়ে খেলেও। প্রথম টেস্টের মূল দলে তাঁর থাকা নিয়ে কোনো সংশয় নেই।তামিম, সাকিব, মুশফিক, নাসির, সানি, শাহাদাত, রুবেল, শফিউল বা এনামুল হক জুনিয়রেরও ১৪ জনের দলে থাকা মোটামুটি নিশ্চিত। আর মাহমুদউল্লাহকে নিয়ে নির্বাচকদের দ্বিধাদ্বন্দ্ব তো দূর করে দিচ্ছে প্রস্তুতি ম্যাচ না হওয়ার সম্ভাবনাই। এই ম্যাচে সন্তোষজনক কিছু করতে না পারলে হয়তো কঠিন পরীক্ষায়ই পড়তে হতো জাতীয় দলের সহ-অধিনায়ককে।আট বিশেষজ্ঞ ব্যাটসম্যান নিয়ে খেলার পরিকল্পনায় ক্রিস গেইলদের বিপক্ষে বাংলাদেশের বোলিং লাইনআপটাও বেশ আগ্রহের বিষয়। প্রথম একাদশের বোলিং লাইনআপে দুই পেসার-দুই স্পিনার রাখার চিন্তা প্রাধান্য পেয়েছে কাল পর্যন্ত। সে ক্ষেত্রে নির্বাচকদের চোখ শাহাদাত-রুবেল-সাকিব-সানি চতুষ্টয়ের দিকে। প্রথম টেস্টের দলের ব্যাপারে আজ অধিনায়ক মুশফিকুর রহিমের মতামত শুনবেন নির্বাচকেরা। শেষ পর্যন্ত যে দলটিই চূড়ান্ত হোক না কেন, বৃষ্টিতে নির্বাচকদের কাজটা বোধ হয় একটু কঠিনই হয়ে পড়ল।নাকি হয়ে গেল আরও সহজ! বিতর্ক-সমালোচনার সুযোগ না দিয়ে নির্বাচক কমিটি তো চাইলে এখন নামে ভারী একটা দল দিয়ে বলে দিতে পারে, এই মুহূর্তে এটাই সেরা দল।