বৃষ্টি-উৎকণ্ঠা-প্রতীক্ষা
শ্রীলঙ্কার ইনিংসের মাঝামাঝি থেকেই আকাশের মুখ কালো। ইনিংসের শেষ দিকে শুরু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। স্কয়ার লেগ থেকে জহুরুলের দারুণ থ্রোতে বাংলাদেশ দল যখন শ্রীলঙ্কাকে গুটিয়ে দেওয়ার আনন্দ করছে, দর্শকদের মাঝে তখন ছোটাছুটি। বৃষ্টির তীব্রতা বেড়েছে, সবাই খুঁজছিলেন একটু ছাতার আশ্রয়। বাংলাদেশ যখন ড্রেসিংরুমে, মিরপুরের আকাশ ভেঙে নেমেছে বৃষ্টি!গ্র্যান্ড স্ট্যান্ড, শহীদ জুয়েল, শহীদ মুশতাক, আন্তর্জাতিক গ্যালারির দর্শক তবু নিজেদের বৃষ্টির ছোঁয়া থেকে বাঁচাতে পেরেছেন। কিন্তু পূর্ব গ্যালারির বেশির ভাগ দর্শকই কাকভেজা। তা হোক, নিজেদের নিয়ে ভাবিত কজন-ই বা? সবার মনেই এক ভাবনা—ম্যাচ হবে তো!মাঠের দর্শক তবু সামনাসামনি পরিস্থিতি বুঝতে পারছিলেন। দেশজুড়ে টিভি পর্দার সামনে বসে থাকা কোটি দর্শকের উৎকণ্ঠা ছিল আরও বেশি। মাঠে আসা স্বজন কিংবা পরিচিতজনদের কাছে ফোন করে অনেকেই খোঁজখবর নিচ্ছিলেন বৃষ্টি থেমেছে কি না। পত্রিকা অফিসে ফোন করে অনেকেই জানতে চাইছিলেন খেলা হওয়ার সম্ভাবনা আছে কি না? হলে কত ওভার? বাংলাদেশের লক্ষ্য দাঁড়াবে কত? সেই সুবাদে বাইলজে থাকলেও কালই প্রথম আলোচনায় এল রিজার্ভ ডে!প্রয়োজন পড়েনি বলেই হয়তো রিজার্ভ ডের ব্যাপারটা সেভাবে আলেচিত হয়নি আগে। বৃষ্টির তোড় দেখে কাল অনেকেরই মনে হয়েছিল, খেলা বুঝি আর সম্ভব নয়। রিজার্ভ ডের নিয়মটাও অনেকের জানা ছিল না। কোনো কোনো টুর্নামেন্টে রিজার্ভ ডেতে খেলা আবার একদম প্রথম থেকে শুরু হয়, কোনো কোনো টুর্নামেন্টে যেখানে খেলা বন্ধ হয়, সেখান থেকে। এই টুর্নামেন্টের ক্ষেত্রে নিয়ম দ্বিতীয়টাই, কিন্তু সেটা কজনই বা জানেন! শ্রীলঙ্কাকে এভাবে মওকা মতো পেয়েও সুযোগটা হাতছাড়া, আবার নতুন করে খেলা শুরু হয়—এই হতাশা ঘিরে ধরেছিল অনেককেই।সবচেয়ে মজার ব্যাপার, ঢাকা শহরের খুব কম জায়গাতেই কাল ওই সময় বৃষ্টি হয়েছে। এমনকি মিরপুরের অনেক জায়গাতেও হয়নি। দর্শকদের অনেকেই তাই ছিলেন বিভ্রান্ত। খুব বেশিক্ষণ অবশ্য স্থায়ী হয়নি এই বৃষ্টি। তবে যতক্ষণ হয়েছে, তা ছিল মুষলধারেই। খেলা পিছিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল ওটাই। দর্শকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে পৌনে আটটার দিকে স্টেডিয়ামের বড় পর্দায় ভেসে উঠল, খেলা শুরু রাত আটটায়। গগণবিদারি চিৎকারে স্বাগত জানালেন দর্শকেরা। কিন্তু সেই চিৎকার মুহূর্তের মধ্যেই দুয়োধ্বনিতে রূপান্তরিত, যখন দেখা গেল ৪০ ওভারে লক্ষ্য ২১২। ওভার কমল ১০টি, রান কমল মাত্র ২০!ডাকওয়ার্থ লুইস আইনটাই যে এমন! তবু ভাগ্য ভালো, খেলাটা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হয়নি। সে ক্ষেত্রে গতকাল তো দূরের কথা, রিজার্ভ ডেতেও খেলা সম্ভব ছিল না নিশ্চিতভাবেই!