
খেলায় বেশ কিছু শব্দের চল হয়েছে। যেমন ২৬ ডিসেম্বর শুরু টেস্টকে বলে বক্সিং ডে টেস্ট। কেন? হ্যাটট্রিক শব্দটিই বা এল কেমন করে? টেনিসে ‘লাভ’ মানে কেন শূন্য? সেসব শব্দ-শব্দবন্ধের গল্প নিয়ে আমাদের নতুন ধারাবাহিক—ক্রীড়া অভিধান। পঞ্চমপর্বে থাকছে ‘ডাকওয়ার্থ-লুইস’। লিখেছেন অনিরুদ্ধ রহমান
‘ডি এল’ বলতে সাহিত্য-ঘেঁষা ব্যক্তিরা কবি ও গীতিকার দ্বিজেন্দ্র লালের নামই হয়তো বোঝেন। তবে ক্রিকেট-ঘেঁষা ব্যক্তিরা নিমেষেই বুঝে নেন ডাকওয়ার্থ-লুইস নামের দুর্বোধ এক হিসাবের কথা। ডাকওয়ার্থ ও লুইস আসলে দুটো শব্দ নয়, দুজন ইংরেজ পরিসংখ্যানবিদ ভদ্রলোকের নাম। ক্রিকেট আকাশের মুখ একটু গোমরা মানেই এই দুই ভদ্রলোককে নিয়ে টানাটানি। বৃষ্টি বা অন্য কোনো কারণে বিঘ্নিত কোনো সীমিত ওভারের ম্যাচের শেষ দেখে ছাড়তে আধুনিক ক্রিকেটে ফ্রাঙ্ক ডাকওয়ার্থ ও টনি লুইস নামের এই দুই ভদ্রলোকের অবদান অনস্বীকার্য। তাঁদের হাত ধরেই পাল্টে গেছে আধুনিক ক্রিকেটে বৃষ্টি আইনের সংজ্ঞা।
ডি/এল মেথডের আগে বৃষ্টিবিঘ্নিত ম্যাচের জন্য বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। গড় রান রেট পদ্ধতি, সবচেয়ে ব্যয়বহুল বা মোস্ট প্রডাক্টিভ ওভার পদ্ধতি, দ্বিতীয় ইনিংসের যেই সময় বিঘ্ন ঘটেছে প্রথম ইনিংসে ঠিক তত ওভারের রান। অনেক পদ্ধতি প্রয়োগ করা হলেও সবগুলোতেই বড় ফাঁক রয়ে গিয়েছিল। যার অন্যায্য শিকার হতে হয়েছে কোনো একটা দলকে। এর মধ্যে সবচেয়ে কুখ্যাত হয়ে আছে ১৯৯২ বিশ্বকাপে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি। বৃষ্টি নামার আগে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ১৩ বলে ২২ রান। ১২ মিনিটের বৃষ্টি শেষে মোস্ট প্রডাক্টিভ ওভার মেথডে দক্ষিণ আফ্রিকার নতুন লক্ষ্য দাঁড়ায় ১ বলে ২১ রান! অথচ যেখানে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি প্রয়োগ করলে দক্ষিণ আফ্রিকার নতুন টার্গেট হতো ১ বলে ৫ রান। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জয় কিংবা টাইয়ের অন্তত সুযোগ থাকত।
এ সমস্যার সমাধান করে দেন ডাকওয়ার্থ ও লুইস। তাঁরা এমন এক সমীকরণ ব্যবহার করেন, যেটি এখন পর্যন্ত সবচেয়ে গ্রহণযোগ্য বলেই বিবেচিত। ডাকওয়ার্থ-লুইসের অপরিহার্যতা বা জনপ্রিয়তায় উদ্বুদ্ধ হয়ে ক্রিকেট গানের একটা আইরিশ ব্যান্ড দলও আছে, যে দলের নামই ‘ডাকওয়ার্থ-লুইস মেথড’!
অবশ্য ডাকওয়ার্থ-লুইসও সমালোচনার ঊর্ধ্বে নয়। এ পদ্ধতিতে উইকেট এবং ওভারের ভরের ভিত্তিতে করা হলেও উইকেটের প্রতি এতটাই গুরুত্বারোপ করা হয়েছে যে, কোনো বড় রান তাড়া করতে গিয়ে যদি কোনো দল প্রথম ২০-২৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪.৭৫ রেটেও রান করে, তাহলে তা হাতে থাকা উইকেটের কারণে ৬.১ রানের সমান হয়ে যাবে। অর্থাত্ তিন শতাধিক রান তাড়া করতে গিয়ে যদি কোনো দল ২৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১২০ রানও করে তবুও জয়ের-পরাজয়ের হিসেবে তারাই এগিয়ে থাকবে।
ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি প্রথম ব্যবহূত হয় ১৯৯৬-৯৭ সালের ইংল্যান্ড-জিম্বাবুয়ে সিরিজে এবং বৃষ্টিবিঘ্নিত সীমিত ওভার ম্যাচের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃক আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় ১৯৯৯ সালে। অল-আউট বা ইতিমধ্যে জিতে না গেলে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি প্রয়োগের জন্য একদিনের ম্যাচে কোনো ইনিংসে কমপক্ষে ২০ ওভার এবং টি-২০ ম্যাচে কমপক্ষে ৮ ওভার খেলা হতে হবে। ডাকওয়ার্থ-লুইস ক্যালকুলেশন চাইলে আপনি সহজেই ইন্টারনেট থেকে নামিয়ে নিতে পারেন এবং বৃষ্টি নামার আশঙ্কা দেখা দিলেই নিজেই বের করে নিতে পারেন প্রিয় দলের নতুন জয়ের লক্ষ্য কী।
(আগামীকাল পড়ুন: ‘লাভ’ মানে ভালোবাসা নয়, শূন্য)