বৃষ্টি ও বিশৃঙ্খলায় ক্ষুব্ধ নাদাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউএস ওপেনের আয়োজকদের কাঠগড়ায় দাঁড় করালেন রাফায়েল নাদাল ও অ্যান্ডি মারে। অর্থলোলুপ কর্মকর্তারা খেলোয়াড়দের নিরাপত্তার দিকটা নাকি দেখেনই না। তাঁদের সব খেয়াল এখন বৃষ্টিবিঘ্নিত টুর্নামেন্টটি যথাসময়ে শেষ করার দিকেই। পরশু টানা দ্বিতীয় দিনের মতো বৃষ্টিতে ইউএস ওপেনের খেলা হয়নি। এখনো শেষ হয়নি পুরুষদের চতুর্থ রাউন্ডের চারটি ম্যাচ। যার মধ্যে ছিল মারে ও নাদালের ম্যাচও। ১৫ মিনিট খেলা হওয়ার পরই দিনটা মাটি।নাদাল খেপে গেছেন শেষ ষোলোর ওই ম্যাচের জন্যই। জোর করেই নাকি তাঁকে ভেজা কোর্টে নামানো হয়েছিল। লুক্সেমবার্গের জাইলস মুলারের সঙ্গে ওই ম্যাচের প্রথম সেটে ০-৩-এ পিছিয়ে থাকার পরই নামে বৃষ্টি। নাদালের সঙ্গে অ্যান্ডি মারে ও অ্যান্ডি রডিকও ম্যাচ রেফারির কাছে এ নিয়ে অভিযোগ তোলেন।১০টি গ্র্যান্ড স্লামজয়ী নাদাল অভিযোগের সুরে বলেছেন, ‘বৃষ্টি হলে আমরা কোর্টে যেতে চাই না। এটা (জোর করে খেলা) ঠিক না।’ এর আগে কোর্ট ছাড়ার সময় তাঁকে বলতে শোনা গেছে, ‘সেই পুরোনো কাহিনি, শুধু টাকার দিকেই মনোযোগ।’ ইএসপিএনের সঙ্গে সাক্ষাৎকারেও ঝাল ঝেড়েছেন, ‘আমরা সুরক্ষিত নই। গ্র্যান্ড স্লামগুলোতে অনেক টাকা কিন্তু আমরাও তো এর অংশ। তারা শুধু ওটার (অর্থ) জন্যই কাজ করছে, আমাদের জন্য না।’‘আমাদের যখন তারা কোর্টে যেতে বলে তখনো বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি কখনোই পুরোপুরি থামেনি, আর কোর্টও ছিল ভেজা। আমি জানি, দর্শক সেখানে ছিল কিন্তু খেলোয়াড়দের স্বাস্থ্যগত দিকটাও কম গুরুত্বপূর্ণ নয়’—যোগ করেন নাদাল। এএফপি।বিশ্বের এক নম্বর জোকোভিচের দাবি, ছাদ দেওয়া হোক ফ্ল্যাশিং মিডোয়। তবে এত কিছুর পরও আগামী রোববারই টুর্নামেন্ট শেষ করতে চায় কর্তৃপক্ষ। যার অর্থ কাল যদি বৃষ্টি না হয়ে থাকে, তাহলে চ্যাম্পিয়ন হতে নাদালকে চার দিনে চারটি ম্যাচ খেলতে হবে!